নীল রায়:
যেনতেন প্রকারেন অর্জুন সিংহকে হারাতেই হবে! এমনই নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাই সোমবার সকাল থেকেই ব্যারাকপুর লোকসভার প্রায় সমস্ত বুথে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূলের বাহিনী। কার্যত ঠান্ডা ঘরে বসেই নিজের ভোট দেখছেন তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। অপরদিকে, বিজেপি প্রার্থী অর্জুন সিংহ একেবারে সমানে সমানে টক্কর দিচ্ছেন তার পুরনো দলকে। ভাটপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়কের মনোবল যাতে শুরুতেই ভেঙে দেওয়া যায় সেই জন্য ব্যারাকপুর বিধানসভার একটি বুথে মেরে তাঁর মুখ ফাটিয়ে দেওয়া হয়। কিন্তু তাতেও দমে যাননি ব্যারাকপুর শিল্পাঞ্চলের স্ট্রং ম্যান। বরং তেড়ে-ফুঁড়ে নেমে পালা করে নৈহাটি, ব্যারাকপুর, জগদ্দল, ভাটপাড়া, নোয়াপাড়া বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। যেখানেই দেখছেন তৃণমূলের বাহিনীর উৎপাত, সেখানেই লড়ে যাচ্ছেন নিজস্ব কায়দায়। অর্জুন সিংহকে হারানোর লক্ষ্যে তৃণমূল নেতৃত্বের মরিয়া ভাব নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে অর্জুন সিংহ যদি ব্যারাকপুর লোকসভা অঞ্চলে জিতে যান, তাহলে তা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার। সঙ্গে তৃণমূল ছেড়ে বিদ্রোহ করে বেরিয়ে তৃণমূল সুপ্রিমোর ছবি ছাড়া জিতে আসা যায়, এমনটাও প্রমাণ হয়ে যাবে। ফলে আগামী দিনে বাংলা শাসকদলের ভাঙন তীব্র থেকে তীব্রতর হবে, এমনটাই আশঙ্কা করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাই অর্জুন সিংহকে রুখতে সকাল থেকেই দাপট দেখাচ্ছে তৃণমূলের বাহিনী। কিন্তু অর্জুনও নাছোড়বান্দা! যেন ব্যারাকপুরে ২৩ মে গেরুয়া ধ্বজা ওড়ানোর পণ করছেন এই বাহুবলি নেতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news