নীল বণিক:
এককালের মুকুল-অর্জুন দ্বন্দ্বের মাস্টারমাইন্ড ছিলেন মমতা। জানালেন স্বয়ং অর্জুন সিংহ। অর্জুনের চাঞ্চল্যকর অভিযোগ, ইচ্ছে করে নিজের দলের নেতাদের মধ্যে বিরোধ বাধিয়ে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে করে তাঁর বিশেষ সুবিধা হয়। বস্তুত এতদিনে মুকুলের সঙ্গে তাঁর পুরনো সম্পর্কের উত্থানপতন নিয়েও মুখ খুললেন অর্জুন সিংহ। তিনি এদিন বলেন, ‘দলের মধ্যে সবার সঙ্গে সবার বিরোধ তৈরি করার কাজটা করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। মনে রাখা ভালো, যে তাঁর নির্দেশ ছাড়া তৃণমূলে কিছুই হয় না।’ সরাসরি প্রাক্তন নেত্রীর প্রতি আক্রমণ শানিয়ে অর্জুন বলেন, ‘মমতা সবার সঙ্গে সবার বিরোধ লাগিয়ে কৌশলে ফসলটা নিজের ঘরে তোলেন।’

শুক্রবার ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ বিধায়ক পদে ইস্তফা দিতে বিধানসভায় আসেন। সে-সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্জুন আরও বলেন, ‘সময় হয়েছে। এবার সবটা বুঝে নেবো।’ অর্জুনের আরও মত, ‘আমার পাশাপাশি অনেক তৃণমূল নেতারই চোখ খুলে গেছে। নিজেদের মধ্যে বিরোধ তৈরির মাস্টার মাইন্ড কে তা ধীরে ধীরে সবাই বুঝতে পারছেন। সঠিক সময়ের জন্য সবাই অপেক্ষা করছেন।’ ব্যারাকপুরের দাপুটে নেতার হুঁশিয়ারি, ‘একটা সময় আসবে, যখন সবাই এক হয়ে মমতার কাছে হিসেব চাইবে। তখন উনি বুঝতে পারবেন এভাবে নিজেদের মধ্যে বিরোধ তৈরি করার জ্বালা কতটা।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news