ভাস্কর মান্না:
সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার এখন ২৪ ঘন্টাও কাটেনি, তারই মধ্যে মানহানি মামলায় হাজিরা দিতে মুম্বই পৌঁছলেন রাহুল গাঁধী। সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যায় সঙ্ঘের হাত রয়েছে মন্তব্য করে মানহানি মামলায় জড়িয়ে পড়েছিলেন প্রাক্তণ কংগ্রেস সভাপতি। বৃহস্পতিবার সেই মামলার পরিপ্রেক্ষিতে মুম্বইয়ের স্থানীয় আদালতে হাজিরা দিতে যান রাহুল।
২০১৭ সালে ৫ সেপ্টেম্বর বাইক করে এসে এক ব্যক্তি বর্ষীয়ান সাংবাদিক গৌরী লঙ্কেশকে গুলি করে হত্যা করে। ওই সাংবাদিকের হত্যার পিছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিচারধারা জড়িত আছে বলে মন্তব্য করেছিলেন রাহুল গাঁধী। রাহুল বলেছিলেন, “যাঁরা বিজেপি ও আরএসএস-এর চিন্তাধারার বিরুদ্ধে কথা বলবে, তাঁদেরকে এভাবেই মারা হবে।” রাহুলের এই মন্তব্যের পরে সঙ্ঘের কর্মীরা, তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে।
প্রসঙ্গত, এর আগে সাংবাদিক গৌরী লঙ্কেশকে হত্যার দায়ে আরএসএস-কে কাঠগড়ায় তুলেছিলেন সোনিয়া গাঁধী ও সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কিন্তু মুম্বইয়ের মাঝগাঁও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদেরকে দোষী সাব্যস্ত করেননি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news