নিজস্ব সংবাদদাতা:
আরাবুল ও রেজ্জাক অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়। দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যাঁরা সকলেই রেজ্জাক মোল্লার ছেলে জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদের অনুগামী বলে পরিচিত। ঘটনায় আরাবুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, যদিও আরাবুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন ।
আজ সন্ধ্যায় হাতিশালা সিক্স লেনে স্থানীয় জেলা পরিষদের সদস্য মোস্তাক আহমেদ একটি পথসভার আয়োজন করেন। অসমে পাঁচ বাঙালির হত্যার প্রতিবাদে এই পথসভা আয়োজন করা হয়। পথসভায় যোগ দিতে কুলবেড়িয়ার বেশকিছু তৃণমূল সমর্থক জমায়ত হন। এক তৃণমূল সমর্থক জানান তাঁরা সভা সেরে এলাকায় ফিরে তাদের নজরুল সংঘ ক্লাবে বসে আড্ডা দিচ্ছিলেন, এমন সময় আরাবুল ইসলামের ঘনিষ্ঠ সাবির মোল্লার অনুগামীরা ওই ক্লাবে আসে এবং সেখানে উপস্থিত মুস্তাক আহমেদ অনুগামীদের বেধড়ক মারধর করে।
ঘটনায় বেশ কয়েকজনের মাথা ফেটেছে, তাদেরকে প্রথমে স্থানীয় জিরেনগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর একজনকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছে।
উল্লেখ্য, কয়েক মাস আগে জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফিরেছেন ভাঙাড়ের ডাকাবুকো তৃণমূল নেতা আরাবুল ইসলাম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news