ওয়েব ডেস্ক:
প্রয়াত হয়েছেন দেশের অন্যতম সফল বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। গোটা দেশে শোকের ছায়া। এমত অবস্থায় তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন অমিতাভ বচ্চন থেকে অনুপম খের, লতা মঙ্গেশকর থেকে আশা ভোঁসলের মতো বহু ব্যক্তিত্ব। এইসঙ্গে বিজেপি নেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করতে দেখা গেল অপর্ণা সেনকেও। যে অপর্ণা কদিন আগে মোদী সরকারের তুলোধোনা করেছিলেন। অবশয় অপর্ণা সেনের পাশপাশি এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও দেবের মতো তারকাকেও প্রাক্তন বিদেশমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করতে দেখা গেল।
নিজের টুইটার অ্যাকাউন্টে অপর্ণা সেন লেখেন, ”তথ্য ও সম্প্রচারমন্ত্রী থাকাকালীন একবার নন্দন ফিল্ম ফেস্টিভ্যালে আমার সঙ্গে ওনার সঙ্গে পরিচয় হয়েছিল। উনি তখন আমার হাত ধরে বলেছিলেন, আমার কাছে নবরত্নের মধ্যে আপনি অন্যতম। আমি ওনার ব্যবহার, ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলাম। রাজনীতির উর্দ্ধে গিয়ে আমরা আপনার অভাববোধ করব।”
আরও এক টুইটে অপর্ণা লেখেন, ”সুষমা স্বরাজের আকষ্মিক প্রয়াণের খবরে আমি শোকাহত। নন্দনে ফিল্ম ফেস্টিভ্যালে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। ওনার ব্যক্তিত্বের উষ্ণতা, নমনীয়তায় আমি মুগ্ধ হয়েছিলাম। উনি বিজেপির মতো রাজনৈতিক দলের স্তম্ভ। কামনা করি উনি যেখানেই থাকুন, শান্তিতে থাকুন। ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”
ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, ”খবরটা শুনে অবাকই হয়েছি। প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী মাত্র ৬৭ বছর বয়সে চলে গেলেন। ওনার আত্মার শান্তি কামনা করি। ”
সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন, ”অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের থেকে এক্কেবারেই অন্য রকম ছিলেন।”
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ”তিনি রাজনৈতিক নেত্রী হিসাবে, মানুষ হিসাবে ভীষণই মহৎ একজন ব্যক্তিত্ব। তাঁর অকাল প্রয়াণের খবরে মর্মাহত হলাম। তাঁর আত্মার শান্তি কামনা করি, পরিবারের প্রতি সমবেদনা রইল। ”
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি হন সুষমা স্বরাজ। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news