নীল রায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি পাঠালেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন সহ বাংলার একঝাঁক বিদ্বজ্জন। সোমবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখা হয়েছে এই চিঠিটি। এই চিঠিতে স্বাক্ষর করেছেন অভিনেতা কৌশিক সেন ও পরমব্রত চট্টোপাধ্যায়, সমাজ কর্মী বোলান গঙ্গোপাধ্যায়, রেশমি সেন, অভিনেতা ঋদ্ধি সেন, রিয়া চক্রবর্তী, রূপসা দাশগুপ্ত, সোহাগ সেন প্রমুখ। রাজ্যের বর্তমান অচলাবস্থায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন তাঁরা। খোলা চিঠিতে লেখা হয়েছে, ১৭ অগস্ট কল্যাণী বাস টার্মিনালে পার্শ্বশিক্ষকদের অবস্থানের উপরে নির্বিচারে লাঠি চালিয়েছে পুলিশ। আলো নিভিয়ে মহিলা শিক্ষিকাদের পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে, করা হয়েছে শ্লীলতাহানি। ১৯ অগস্ট সুবোধ মল্লিক স্কোয়্যারে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পার্ট টাইম শিক্ষকদের অনশনকে জোর করে পুলিশ প্রশাসনকে দিয়ে তা থামিয়ে দেওয়া হয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে। শিক্ষকদের ওপর এই ধরণের হামলা ও হেনস্থার তীব্র নিন্দা করেছেন তাঁরা।
এছাড়াও তাঁরা অভিযোগ করেছেন, ১৫ আগস্ট অকাডেমী অব ফাইন আর্টসের বাইরে একটি পথনাটিকা অনুষ্ঠিত হয়। সেই পথনাটিকার এক অভিনেতা শুভঙ্কর দাস রাতে বাড়ি ফেরার পথে দমদমে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। তিনি চোখে আংশিকভাবে দেখতে পাচ্ছেন না বলেই অভিযোগ করেছেন বিদ্বজ্জনেরা। এই ধরণের ঘটনার তীব্র নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
ঘটনাচক্রে বাংলার এই সমস্ত বিদ্বজ্জনেরা কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যও খোলা চিঠি পাঠিয়েছিলেন। সেবার তাদের অভিযোগ ছিল, দেশের জয় শ্রীরাম ধ্বনিকে ব্যবহার করে গণপিটুনি দিয়ে মানুষ খুন করা হচ্ছে। দেশে অসহিষ্ণুতার বাতাবরণ ছড়িয়ে পড়ছে ধর্মীয় বিভাজনের কৌশলে। তা রুখতে প্রধানমন্ত্রী উদ্যোগী হন। এবার রাজ্য প্রশাসনের ওপর অনাস্থা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি পাঠিয়ে তাঁর অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিলেন বিদ্বজ্জনেরা। কারণ এদিন হাওড়া শরৎ সদনে পার্শ্ব শিক্ষকদের অবস্থানকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। তারপরে বিদ্বজ্জনেদের এহেন পত্রাঘাত মুখ্যমন্ত্রীর পক্ষে প্রবল অস্বস্তিকরও বটে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news