ওয়েব ডেস্ক:
শেষ পর্যন্ত যাবজ্জীবন সাজা হল মনুয়া ও অজিতের। স্বামী অনুপম সিংকে খুনের ঘটনায় স্ত্রী মনুয়া ও প্রেমিক অজিতকে আজ যাবজ্জীবনের সাজা শোনাল বারাসতের ফার্স্টট্রাক আদালত। এইসঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হল দু’জনকেই। অনাদায়ে আরও এক বছর জেল। এদিন সাজা ঘোষণার আগে নিজেদের নির্দোষ বলে দাবি করে মনুয়া ও অজিত। এদিকে এই সাজায় একদমই খুশি হয়নি অনুপমের পরিবার। এই রায়কে চ্যালেঞ্জ করে তাঁরা উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।
এদিন আদালতে দাঁড়িয়ে মনুয়া হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রেমিক অজিত দাবি করে, সে অনুপমকে চেনেই না। অজিত ওরফে বুবাইয়ের দাবি, “যাকে খুনের অভিযোগে আড়াই বছর সাজা খাটছি, তাঁকে চোখেই দেখিনি। আমি নির্দোষ।” অন্যদিকে স্বামী অনুপম সিংকে খুনে দোষী সাব্যস্ত স্ত্রী মনুয়াও দাবি করে, “আমাকে সফ্ট টার্গেট করা হয়েছে।” আদালতে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করে মনুয়া। কালকের মতো আজও সাজা ঘোষণার সময় ভাবলেশহীন ছিল মনুয়া। বরং খানিকটা ভেঙে পড়তে দেখা যায় অজিতকে।
প্রসঙ্গত, ২০১৭-র ২ মে প্রেমিক অজিতের সঙ্গে পরিকল্পনা করে পেশায় ট্রাভেল সংস্থার কর্মী স্বামী অনুপম সিংহকে খুন করে স্ত্রী মনুয়া। ছক কষে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন, ফোনের ওপার থেকে স্বামীর আর্ত চিৎকার স্ত্রী মনুয়ার ‘লাইভ’ শোনা, নৃশংস হত্যালীলার পরতে পরতে লুকিয়ে ছিল ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। যা সামনে আসতেই শিউরে ওঠে গোটা রাজ্য। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ঠান্ডা মাথায় স্বামী অনুপমকে হত্যার ছক কষেছিল মনুয়া।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news