নীল রায়। রাত পোহালেই বীরভূমের দুই লোকসভা আসনে ভোট। ঠিক তার আগেই, নির্বাচন কমিশনের কাছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে নজর বন্দী করে রাখার লিখিত দাবি জানালেন ভোট কর্মী ঐক্য মঞ্চ। বিরোধী রাজনৈতিক দলগুলিকে টার্গেট করে কখনও তাদের পীঠে চরাম চরাম ঢাক বাজানো, কখনও তাদের গুড় বাতাসা খাওয়ানো, কখনও মশারি খাটানো, কখনও আবার নকুলদানা খাওয়ানোর নিদান দেন মুখ্যমন্ত্রীর স্নেহের কেষ্ট। মাথায় অক্সিজেন কম যাওয়া এই তৃণমূল নেতার অঘোষিত এক প্রশাসনিক ছাড় রয়েছে। এবং তা অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। এমনটাই অভিযোগ করেন সিপিএম, কংগ্রেস ও বিজেপির মত বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন্তু তাতে আমল দেন না তৃণমূল সুপ্রিমো বা তার দলের কেষ্ট।

সম্প্রতি তিনি আরও এক নিদান দিয়েছেন রাজ্যের ভোট কর্মীদের উদ্দেশ্যে। তাতে তিনি বলেছেন ভোট কর্মীদের ভোট করাতে হবে রাজ্যের শাসকদলকে জেতাতে। আর তাতেই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন রাজ্যের সমস্ত ভোট কর্মীরা। যারা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারি প্রশাসনের অংশও বটে। তাই তারা লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন অনুব্রত মণ্ডলকে গৃহবন্দী করে রাখার। ডেপুটেশন প্রসঙ্গে সংগঠনের অন্যতম কর্তা স্বপন মন্ডল বলেন, “অনুব্রত মণ্ডল বিরোধীদের হুমকি দেন। এবার তার হুমকি আমাদের উদ্দেশ্য। সরকারি ভোট কর্মীদের নাকি তৃণমূলের হয়ে ভোট করাতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণতন্ত্রে মতদান করেন দেশের জনতা। তাদের স্বাধীন মতপ্রকাশের অধিকার দিয়েছে দেশের সংবিধান। আমরা দেশের জনতাকে ভোট দিতে সাহায্য করব মাত্র। কোনও দলের তাবেদারী করতে পারব না। কিন্তু, অনুব্রত মন্ডলের মত নেতা আমাদের হুমকি দিচ্ছেন তাদের হয়েই ভোট করাতে হবে। তাই আমরা বাধ্য হয়েই নির্বাচন কমিশনে তাঁকে ভোটের দিন গৃহবন্দী রাখার আবেদন করেছি।” ভোট কর্মী ঐক্য মঞ্চের এই নেতার দাবি, তাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের সরকারি সংগঠনের সঙ্গে যুক্ত থাকা বহু নেতাকর্মীও। প্রসঙ্গত ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে আইনমন্ত্রী মলয় ঘটককে পাশে নিয়ে বীরভূমের এক জনসভায় অনুব্রত মণ্ডল হুমকি দিয়েছিলেন প্রয়োজন হলে বিরোধীদের ঘর জ্বালিয়ে দিন। তিনি আরও বলেছিলেন পুলিশ বিরোধীদের সাহায্য করলে পুলিশকে বোম মারুন। কিন্তু, তাঁর বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশন কোনও ব্যবস্থাই নেয়নি। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারের ভোটে দিদির আদরের কেষ্টকে সরাসরি নজরবন্দী করার আবেদন জানালেন ভোট কর্মীরাই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news