চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মারা গেলেন নয়াবাদের করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্ত প্রৌঢ়। মঙ্গলবার পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয় তাঁকে। পিয়ারলেসের প্রধান এগজিকিউটিভ, চিকিৎসক সুদীপ্ত মিত্র জানিয়েছেন, বুধবার বিকেলে মারা যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, দিনকয়েক ধরেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। একাধিক অঙ্গ বিকল হতে শুরু করেছিল। তিনি আরও বলেছেন, “করোনা আক্রান্ত ওই বৃদ্ধকে অনেকটা বেশি অক্সিজেন দিতে হচ্ছিল কাল থেকেই। ইউরিন আউটপুটও অনেকটা কমেছিল। বুকের এক্স-রেতে সংক্রমণের মাত্রা অনেকটাই ধরা পড়েছিল।” হাসপাতাল সূত্রে জানা গেছে, অবস্থার অবনতি হওয়ার পর থেকেই তাঁকে হাইড্রক্সি-ক্লোরোকুইন দিতে শুরু করেছিলেন চিকিৎসকরা। দেওয়া হয় এইচআইভির ওষুধও। কিন্তু তাতেও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। এদিন মেডিক্যাল বোর্ডও বসে তাঁর জন্য। ডায়ালিসিসও শুরু হয়। কিন্তু শেষমেশ একাধিক অঙ্গ বিকল হয়ে যায় তাঁর। সন্ধ্যায় মারা যান তিনি।
২৩ তারিখ পিয়ারলেস হাসপাতালে দেখাতে গেলে উপসর্গ দেখে তাঁকে আইসোলেশনে ভর্তি করে চিকিৎসা শুরু করেন ডাক্তাররা। লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল নাইসেডে। ২৫ তারিখ নাইসেড থেকে আসা রিপোর্টে তাঁর শরীরে করোনা সংক্রমণের কথা জানা যায়। তিনিই বাংলার দশম করোনা আক্রান্ত ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছিলেন। এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে গত ১২ মার্চ পূর্ব মেদিনীপুরের এগরা গিয়েছিলেন ৬৬ বছরের ওই প্রৌঢ়। সেখানে ১৪ মার্চ বউভাতের দিন তাঁর সামান্য জ্বর হয় বলে জানা গিয়েছে। কিন্তু ওষুধ খেয়ে জ্বর কমায় ১৬ তারিখ দিঘায় যান তিনি। সেখানে ফের জ্বর বেড়ে যাওয়ায় দু’দিন পর ফিরে যান এগরাতে। সেখানে রক্ত পরীক্ষা করা হলে তাঁর টাইফয়েড ধরা পড়ে। তারপরেই চিকিৎসার জন্য কলকাতায় ফিরিয়ে আনা হয় তাঁকে। ভর্তি করা হয় হাসপাতালে। তাতেও শেষরক্ষা হল না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news