নিজস্ব প্রতিনিধি।
ভয়ানক এবং যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছিল দিল্লির আইবি কর্মী অঙ্কিত শর্মার (Ankit Sharma)। মৃত্যুর আগে চার ঘন্টা ধরে বারবার ছুরি মারা হয়েছিল তাঁকে। শুধু তাই নয় পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় তাঁর। অঙ্কিতের পোস্টমর্টেম রিপোর্টে এমন শিউরে ওঠার মত তথ্যই উঠে এল। রিপোর্ট অনুযায়ী অঙ্কিতের শরীরে একাধিক গভীর ক্ষতর চিহ্ন পাওয়া গিয়েছে। সমস্ত আঘাতই করা হয়েছিল ধারালো কোনও অস্ত্র দিয়ে। কোনও একটি আঘাতে তাঁর মৃত্য হয়নি। তিলে তিলে মারা হয়েছে তাঁকে।
মঙ্গলবার বিকেলে দিল্লি যখন সংঘর্ষে উত্তপ্ত সেই সময় অঙ্কিত বাড়ি থেকে বেরিয়ে যান বাইরে কি হচ্ছে দেখতে। ঘন্টাখানেক কেটে যাওয়ার পরও তিনি না ফেরায় বাড়ির লোক তাঁর খোঁজ করতে বেরোয়। রাত তিনটে পর্যন্ত খোঁজ করেও অঙ্কিতকে পাওয়া যায়নি। বেলা ১০ টা নাগাদ খবর আসে বাড়ির পাশের ড্রেনে তাঁর মৃতদেহ পড়ে আছে। ঘটনার জন্য আম আদমি-র নেতা তাহির হুসেনকে দায়ী করেছে অঙ্কিতের পরিবার। দিল্লি পুলিশও তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে। ঘটনা নিয়ে তোলপাড় শুরু হতেই তাহির হুসেনকে সাসপেন্ড করেছে আপ।
কিন্তু প্রশ্ন কিছু থেকেই যাচ্ছে। কতটা হিংসা, কতটা বিদ্বেষ, কতটা নারকীয়তা, কতটা নৃশংসতা খুনীর মধ্যে ছিল যে চার ঘন্টা ধরে কুপিয়ে কুপিয়ে মারা হল অঙ্কিতকে ? সেদিন বাড়িতে ফিরে অঙ্কিত বাইরে বেরিয়েছিলেন দাঙ্গার অবস্থা দেখতে। তিনি কি এমন কিছু দেখে ফেলেছিলেন যার পর তাঁকে বাঁচিয়ে রাখা বিপজ্জনক হতে পারে? তাহির হুসেন যে তাঁর বাড়িতে বিভিন্ন রকম অস্ত্র মজুত করেছিলেন সে বিষয়েও কোনও সন্দেহ নেই এখন। কেন করেছিলেন তার বিশেষ সদুত্তর তাহিরের কাছ থেকে পাওয়া যায় নি। এমন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যাতে দেখা গিয়েছে তাহিরের বাড়ি থেকে ভারি কিছু বের করে নালায় ফেলা হচ্ছে। এই নালা থেকেই অঙ্কিতের মৃতদেহ পাওয়া গিয়েছে। এত নৃশংসতার কারণ কি কোনও ব্যক্তিগত রাগ নাকি অন্য কিছু। তদন্ত শুরু হয়েছে। এই প্রশ্নের উত্তর সময়ই হয়তো দেবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news