নিজস্ব সংবাদদাতা:
‘ভবিষ্যতের ভূত’-এর ভবিষ্যৎ সম্ভবত আদালতেই ঠিক হবে। চ্যানেল হিন্দুস্তানের তরফে আজ সোমবার পরিচালকের অনীক দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাফ জানিয়ে দেন, পরিচালক হিসেবে আমার আর কিছু করণীয় নেই। আমার যা বলার ছিল বলেছি। যেখানে যাওয়ার ছিল গিয়েছি। পুরো বিষয়টা সম্পর্কে আমি বা আমরা এখনও অন্ধকারে।’ তাহলে কি নিজের ছবির প্রদর্শন ‘ভৌতিক’ ভাবে বন্ধ হয়ে যাওয়াকে মেনে নিচ্ছেন অনীক? এই প্রশ্নের উত্তরে অনীকের জবাব, ‘মেনে নেওয়ার প্রশ্ন উঠছে না। তবে এবার যা করার করবেন ‘ভবিষ্যতের ভূত’-এর প্রযোজক সংস্থা। একটি ছবি সেন্সার সার্টিফিকেট পেয়ে যাওয়ার পর তা বন্ধ করে দেওয়া যায় না আইনত। অতএব সেই দিকটা মাথায় রেখেই প্রযোজক পরবর্তী পক্রিয়া শুরু করেছেন।’
ধরে নেওয়া যায় যে প্রযোজক সংস্থা আদালত যেতে চলেছেন। যদিও অনীক ও তাঁর পরিচালক যদি আদালতে যান তবে কার বিরুদ্ধে মামলা দায়ের করবেন তা নিয়ে ধোয়াশা রয়েছে। কারণ পুলিশ, প্রশাসন, সরকার… কেউ ঘটনার দায় নেয়নি। এদিকে ভবিষ্যতের ভূত-এর পাশে দাঁড়িয়েছেন শহরের বহু বিশিষ্টজন, প্রখ্যাত পরিচালক, অভিনেতারা। যেমন সৌমিত্র চট্টোপাধ্যায় এই মর্মে ইতিমধ্যে একটি লিখিত প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, নিজের লেখা চিঠিতে রাজ্য সরকারকে ঘুরিয়ে ফ্যাসিষ্ট বলে আক্রমণ করেন বিশিষ্ট অভিনেতা। সৌমিত্র লেখেন, ‘ভবিষ্যতের ভূত ছবিটি মুক্তি পাওয়ার একদিন পর কলকাতার হলগুলি থেকে অপসারিত হলো কেন, তা নিয়ে স্তম্ভিত হয়ে গেছি।’ সিনেমা প্রদর্শন বন্ধকে প্রতিশোধমূলক আচরণ বলেও চিঠিতে উল্লেখ করেন সৌমিত্র। তিনি আরও লেখেন, ‘দেশে স্বাধীন মতামত ব্যক্ত করার কোনো পথকেই কি তবে সহ্য করা হবে না? এ কোন ফ্যাসিষ্ট সরকার চলছে।’
সর্বশেষ পংক্তিতে সুর কিছুটা নরম করে লেখেন , ‘আশা করি সংশ্লিষ্ট যাঁরা এর জন্য দায়ী তারা এই মারাত্মক কাজটা গণতন্ত্র বিরোধী তা বুঝতে পারবেন এবং তার প্রতিবিধান দেবেন।’ যদিও অনীক দত্তের ছবির প্রদর্শন বন্ধের পর কার্যত মুখে কুলুপ এঁটেছেন শাসক ঘনিষ্ঠ বুদ্ধিজীবী থেকে শুরু করে তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মকর্তারা।
সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া একটা ছবিকে আটকানো অগণতান্ত্রিক, এই মর্মে সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছেন প্রবীণ পরিচালক তরুণ মজুমদার, অভিনেতা কৌশিক সেন, প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন প্রমুখ। তাঁরা ধর্মতলার মেট্রো চ্যানেলে বিক্ষোভ দেখান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news