নিজস্ব সংবাদদাতা:
এবার এক বিবৃতি দিয়ে অনীক দত্তর প্রদর্শন বন্ধ হয়ে যাওয়া ছবি ‘ভবিষ্যতের ভূত’-এর পাশে দাঁড়াল প্রদেশ কংগ্রেস। এইসঙ্গে রাজনৈতিক দলটি নিন্দা করল রাজ্য সরকারের অবস্থানের।
এক প্রেস বিবৃতিতে কংগ্রেসের পক্ষে বলা হয়েছে, ‘সম্প্রতি আমাদের রাজ্যের রাজ্য সরকার দ্বারা চিত্র পরিচালক অনীক দত্তের বাংলা ছায়াছবি ‘ভবিষ্যতের ভূত ‘-এর প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। কেবল উক্ত ছায়াছবিটিই নয়, শিল্প সংস্কৃতির উপর এহেন কোনওরকম অগণতান্ত্রিক নিষেধাজ্ঞাকে ভারতীয় জাতীয় কংগ্রেস কখনোই সমর্থন করে না।’
বিবৃতি পত্রটিতে আরও বলা হয়, ‘শিল্প সংস্কৃতির মাধ্যমে মত প্রকাশের যে স্বাধীনতা, তা হরণ করার এই ফ্যাসিবাদী মনোভাবের আমরা চরম বিরোধিতা করি।’
প্রদেশ সভাপতি সোমেন মিত্র জবানে লেখা হয়, ‘আমি আশা রাখি এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ নাগরিক সমাজ তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের এহেন স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে উঠবেন।’
উল্লেখ্য, রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে ছবিটির প্রদর্শন বন্ধ হলেও, সরাসরি তার দায় স্বীকার করেনি প্রশাসন। অপরপক্ষে অবস্থার দিকে নজর রেখে প্রযোজক সংস্থা আদালতের পথে পা বাড়াতে চলেছে বলে খবর। এমত অবস্থায় রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়িয়ে দিল কংগ্রেস, মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Pase achi, thakbo….ANIK BABU…..somoy apnar asbe…