চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
দূরত্ব মাত্র ৬ কিমি রাস্তা। চালক ভাড়া চাইছেন ৯২০০ টাকা। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করায়, কোভিড আক্রান্ত দুই সন্তানসহ মাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দিলেন চালক। এই ঘটনা খোদ কলকাতা শহরের। কোভিড আক্রান্ত হলে চিকিৎসা পেতে কতটা হয়রানি হতে হয়, এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল রাজ্যবাসীকে।
সাড়ে নয় বছর ও নয় মাসের দুই সন্তানকে অসুস্থ অবস্থায় ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে (ICH) ভর্তি করান হুগলির দম্পতি। শুক্রবার দুই ভাইয়ের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁদেরকে কোভিড চিকিৎসার জন্য আইসিএইচ কর্তৃপক্ষ কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন। এই দুই হাসপাতালের মধ্যে দূরত্ব মেরেকেটে ৬ কিমি। কিন্তু এই সামান্য দূরত্ব ২ রোগীকে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স চালক ভাড়া চাইলেন ৯২০০ টাকা। যা শুনে চক্ষুচড়কগাছ অনেকের। ওই দম্পতি এত টাকা দিতে পারবে না বলায়, রোগী নিয়ে যেতে অস্বীকার করেন চালক। অ্যাম্বুলেন্স থেকে টেনে নামিয়ে দেওয়া হয় দুই করোনা আক্রান্ত সন্তানসহ মাকে। পরে আইসিএইচের ডাক্তারদের হস্তক্ষেপে ২০০০ টাকায় রফাসূত্র মেলে।
এ প্রসঙ্গে হুগলির বাসিন্দা ওই দুই সন্তানের বাবা বলেন, মাত্র ৬ কিমি আমাদের সন্তানকে নিয়ে যেতে ৯২০০ টাকা ভাড়া চান অ্যাম্বুলেন্স চালক। আমি চালককে অনুরোধ করি যে এত টাকা দিতে পারব না। তিনি প্রথমে সন্তানদের মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দেন এবং পরে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেন। পরে আইসিএইচ এর ডাক্তারদের হস্তক্ষেপে ২০০০ টাকায় নিয়ে যেতে রাজি হন।” অ্যাম্বুলেন্স চালকের এই দাবিতে হতবাক অনেকে। ওই চালকের মানবিকতা নিয়েও প্রশ্ন ওঠে। অনেকের প্রশ্ন, শুধুমাত্র টাকার জন্য কি করে একজন মানুষ দুই শিশুর মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে নিতে পারে। এমনকি কি করে ওই অবস্থায় অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দিয়েছিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news