চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাজস্থানে সরকার বাঁচাতে শেষমেষ কি সমঝোতার পথে হাঁটতে চলেছে কংগ্রেস ? সোমবার রাজস্থান বিধানসভার (Rajasthan Assembly) স্পিকার সিপি যোশীর একটি সিদ্ধান্তের পর এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট (Sachin Pilot) ও তাঁর অনুগামী ১৯ জন বিধায়কের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা মামলা প্রত্যাহার করে নিলেন সিপি যোশী (CP Joshi)। জয়পুর হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন স্পিকার। কিন্তু সোমবার স্পিকারের হয়ে মামলা প্রত্যাহার করতে চেয়ে আদালতে আবেদন করেন কপিল সিব্বল। তারপরেই আলোচনা শুরু হয়েছে, তাহলে কী শেষ পর্যন্ত শচীন পাইলটের সঙ্গে সমঝোতায় আসতে চলেছে এআইসিসি (AICC)?
অল্পদিনের মধ্যেই রাজস্থান বিধানসভায় শক্তিপরীক্ষা দিতে পারেন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। শচীন পাইলট সহ ১৯ জন বিধায়কের বিদ্রোহের পরে মুখ্যমন্ত্রী নিজেই বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণ করতে আগ্রহী। অশোক গেহলোট (Ashok Gehelot) যদি আস্থাভোটে জেতেন, আগামী ছ’মাস তাঁর সরকার কোনও বিপদে পড়বে না। কিন্তু এখন আস্থাভোট হলে শচীন পাইলট ও তাঁর অনুগামী ১৮ জন বিধায়ক কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিতে পারেন। কেননা তাঁরা এখনও ডিসকোয়ালিফায়েড হননি। আদালতের নির্দেশে আপাতত স্বস্তিতে রয়েছে পাইলট শিবির। যদি পরে তাঁরা ডিসকোয়ালিফায়েড হন, তা হলেও তাঁদের ভোট নাকচ হবে না। এমতাবস্তায় আর ঝুঁকি নিতে নারাজ কংগ্রেস। তাই রাজনৈতিক মহল মনে করছে, কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কথাতেই নাকি রাজস্থান বিধানসভার স্পিকার সিপি যোশী নিজের মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন।
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী (Rahul Gandhi) কংগ্রেসের রাজস্থান সরকারের ওপর সংকট প্রসঙ্গে সরাসরি দায়ী করেছেন বিজেপিকে। রবিবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “২০১৮ সালে রাজস্থানের মানুষের দ্বারা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখন যখন গোটা দেশ করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে তখন বিজেপি (BJP) গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছে।” এদিকে, বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী (Mayawati) রাজস্থানে দলের ছয় বিধায়কের উদ্দেশে হুইপ জারি করে বললেন, তাঁদের ভোট দিতে হবে কংগ্রেসের বিপক্ষে। এর আগেই রাজস্থানে বিএসপি-র ছয় বিধায়ক কংগ্রেসে যোগ দিয়েছেন। রাজ্যসভা ভোটের সময় মায়াবতী নির্বাচন কমিশনে আবেদন জানান, রাজস্থানের ওই ছয় বিধায়ককে বিএসপি-র (BSP) সদস্য বলে গণ্য করা হোক। কিন্তু নির্বাচন কমিশন বলে, বিষয়টি স্পিকারের এক্তিয়ারে। তা নিয়ে তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সঙ্কটময় মুহূর্তে মায়াবতীর হুমকিও দুশ্চিন্তায় ফেলেছে এআইসিসি-কে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news