নীল রায়।
“বিসিসিআই সভাপতি হওয়ার বিনিময়ে বিজেপিতে যোগদানের প্রস্তাব দেননি অমিত শাহ।” স্পষ্ট জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আগামী ২৩ অক্টোবর থেকে বোর্ড সভাপতি পদে কাজ শুরু করবেন তিনি। সভাপতি পদে বসার আগে বিজেপি সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে বৈঠক হয়েছিল। তা নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। ওয়াকিবহাল মহলের মতে, বিজেপিতে যোগদান কিংবা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপিকে (BJP) প্রকাশ্যে সমর্থনের বিনিময় বোর্ডের সভাপতি পদে বসানো হচ্ছে সৌরভকে।
যদিও এমন প্রশ্নের উত্তরে ছক্কা হাঁকিয়ে দাদা বলেন “মোটেও এ ধরনের কোনও কথা হয়নি। অমিত শাহজির সঙ্গে আমি দেখা করেছি ঠিকই। কিন্তু বৈঠকে উনি এক বারের জন্যও এই প্রসঙ্গ তোলেননি। একদমই তোলেননি।” ঘটনাচক্রে বেটিংয়ের কালোছায়া যখন ভারতীয় ক্রিকেটের গ্রাসে সেই সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েছিলেন সৌরভ। সেই সময় দিল্লির মসনদে ছিল বিজেপির সরকার। কাকতালীয়ভাবে সৌরভ যখন বিসিসিআইয়ের সভাপতি পদে দায়িত্ব নেবেন তখনও দেশে বিজেপির সরকার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সম্পর্কের সমীকরণের কারণেই কি ‘প্রিন্স অফ ক্যালকাটা’-কে বিসিসিআই সভাপতি হিসেবে বেছে নিয়েছেন অমিত শাহ? যাবতীয় জল্পনাকে গ্যালারিতে পাঠিয়ে সৌরভের জবাব, ভারতীয় ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করতে চাই। এর বেশি আর কিছু চাই না। তাই সৌরভ অনুরাগীরা মনে করছেন দাদা অন্তত সক্রিয় রাজনীতিতে আসবেন না। থাকবেন ক্রিকেট প্রশাসক হিসেবেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news