চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, চিঠিতে অমিত শাহ লিখেছেন, দুই লক্ষ শ্রমিককে তাঁদের ঘরে ফিরতে কেন্দ্র ইতিমধ্যে সাহায্য করেছে। বিভিন্ন রাজ্যে আটকে থাকা পশ্চিমবঙ্গের শ্রমিকরা তাঁদের বাড়ি ফিরতে চাইছেন। তাঁদের সাহায্য করুক রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিকদের ঘরে না ফিরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে বলেও চিঠিতে অভিযোগ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গের থেকে যে ধরনের সহযোগিতা আশা করা হয়েছিল তা পাওয়া যাচ্ছে না। অনেক রাজ্য রয়েছে যারা বাংলার শ্রমিকদের ফেরাতে আগ্রহী। তাদের তরফে পশ্চিমবঙ্গের কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে। কিন্তু জবাব পাওয়া যাচ্ছে না। সম্প্রতি লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর (Adhir Chowdhury) সঙ্গে ফোনে কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বহরমপুরের সাংসদ স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন বিভিন্ন রাজ্যে আটকে থাকা পশ্চিমবঙ্গের শ্রমিক, ছাত্র ছাত্রী ও পর্যটকদের ফেরানোর বন্দোবস্ত করতে। কিন্তু পাল্টা অমিত শাহ জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আগ্রহ দেখাচ্ছে না। যেই কারণে বাইরের রাজ্যে আটকে থাকা মানুষজনকে ফেরানো যাচ্ছে না বাংলায়।
এই ফোনালাপে অধীর চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে উদ্যোগী হয়ে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরানোর অনুরোধ জানান। সূত্রের খবর, তখনই অমিত শাহ কংগ্রেসের লোকসভা দলনেতাকে জানিয়েছিলেন, এ বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা বলবেন। সেই ফোনালাপের ৪৮ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
নবান্ন সূত্রে খবর, আগামী ৯, ১০ এবং ১১ মে কিছু পরিযায়ী শ্রমিক, পর্যটক ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনতে নবান্ন আটটি ট্রেনের ব্যবস্থা করছে। শ্রমিক স্পেশাল ট্রেনের একটি বিশেষ তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে। নবান্নের ওই খসড়া থেকে জানা গিয়েছে, আটটি ট্রেন ছাড়বে যথাক্রমে চণ্ডীগড়, জলন্ধর, বেঙ্গালুরু, ভেলোর ও হায়দরাবাদ স্টেশন থেকে। যদিও, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ইতিমধ্যে আওয়াজ তুলেছেন, রাজ্য সরকার যদি পরিযায়ী শ্রমিকদের ফেরাতে না পারে সেক্ষেত্রে দায়িত্ব দেওয়া হোক পশ্চিমবঙ্গ বিজেপি-কে (BJP)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news