ওয়েব ডেস্ক:
একজন জওয়ান শহিদ হলে ১০ শত্রুকে খতম করা হবে, মহারাষ্ট্রের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে হুঙ্কার অমিত শাহর।
উল্লেখ্য, দিন দশেক পরেই মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচন। লোকসভার মতোই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনেও জাতীয়তাবাদ বিজেপির অন্যতম হাতিয়ার। কাশ্মীর উপত্যকা থেকে ৩৭০ ধারা বিলোপের মতো সিদ্ধান্তের পর জাতীয়তাবাদ যে বিজেপির অন্যতম হাতিয়ার হবে তা খুব স্বাভাবিক ঘটনা বলেই মনে করছে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার মহারাষ্ট্রের সঙ্গলি জেলার জাটে এক নির্বাচনী প্রচারে একদিকে যেমন কংগ্রেস এবং ন্যাশনালিস্ট কংগ্রেসকে তুলোধনা করেন অমিত, তেমনি জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে মোদী সরকারের প্রশংসা করেন।
বৃহস্পতিবার শাহ বলেন, জম্মু-কাশ্মীরে দারুণ কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছেন তিনি। বলেন, ৩৭০ প্রত্যাহারের সিদ্ধান্ত রাহুল গাঁধী, শরদ পাওয়াররা সমর্থন করছেন কি-না তা তাঁরা স্পষ্ট করুন।
এরপরেই বালাকোট প্রসঙ্গ টেনে অমিতের হুঙ্কার, দেশের নিরাপত্তা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক জওয়ান শহিদ হলে ১০ শত্রুকে খতম করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news