নীল রায়:
অমিত শাহ-র বিরুদ্ধে মানহানীর মামলার হুমকি দিল তৃণমূল। মঙ্গলবার সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ বাংলায় সিন্ডিকেট রাজ নিয়ে আক্রমণ শানান। অমিত বলেন, “গুজরাতে গিয়ে দেখুন। বাড়ি করার জন্য ইট, বালি, সিমেন্ট কিনতে গেলে কোনও সিন্ডিকেট ট্যাক্স দিতে হয় না। গুজরাত কেন, গোটা দেশের কোথাও সিন্ডিকেট ট্যাক্স দিতে হয় না। কিন্তু বাংলায় সিন্ডিকেটকে ট্যাক্স না দিয়ে কেউ বাড়ি বানাতে পারে না।” অমিত শাহ-র এমন বক্তব্যেই আপত্তি জানিয়েছে তৃণমূল।
দলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন বলেন, বাংলাকে অপমান করেছেন বিজেপি সভাপতি। উনি ওনার কথা ফিরিয়ে না নিলে মানহানীর মামলা করা হবে। এদিন সন্ধ্যায় ডেরেক আরও বলেন, “অমিত শাহ-র মনে রাখা উচিত বাংলা উত্তরপ্রদেশের মতো নয় যে মিথ্যা ও ঘৃণার বিষ ছড়িয়ে পার পেয়ে যাবেন। বাংলায় শান্তি ও সদ্ভাবের পরিবেশ রয়েছে। এবং সিন্ডিকেট ট্যাক্স নিয়ে আপনার ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার না করলে মানহানীর মামলা করা হবে।” এর আগে এই ভাষাতেই সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, “বাংলায় আলু চাষ থেকে বাড়ি তৈরি— সবেতেই সিন্ডিকেটের জুলুম চলছে।”
অবশ্য অমিত শাহের বিরুদ্ধে এর আগেও তৃণমূল মামলা দায়ের করেছে। গত বছর ১১ আগস্ট ধর্মতলার জনসভায় অমিত শাহ আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রীর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপরই অমিত শাহ-র বিরুদ্ধে মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবারও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করার হুমকি দিল তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news