ওয়েব ডেস্ক:
পাখির চোখ ২০২১, এবার সেই সূত্রেই আগামীকাল অমিত শাহের বাড়িতে জরুরি বৈঠক। বিজেপি সূত্রে খবর, পশ্চিমবঙ্গে দলের সাংগঠনিক অগ্রগতি নিয়ে আলোচনার হবে বুধবারের বৈঠকে। বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে থাকছেন রাজ্যে গেরুয়া শিবিরের অন্যতম দুই মুখ মুকুল রায় ও দিলীপ ঘোষ। থাকবেন রাহুল সিনহা ও সুব্রত চট্টোপাধ্যায়ও। জানা গিয়েছে, ‘মিশন বাংলা’ নামে এই বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দলীয় রণনীতি পর্যালোচনা করা হবে।
ইতিমধ্যে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বড়সড় সাফল্য পেয়েছে বিজেপি। এবার বিধানসভা নির্বাচনেও চমকে দিতে চায় তারা। প্রসঙ্গত, তৃণমূল সরকারকে ‘একুশে ফিনিস’ করার হুঙ্কার দিয়ে রেখেছে বিজেপি অনেকদিন আগেই। সেই মতো ঘর গুছিয়ে ময়দানে নামতে চাইছে তারা। আর সেই সূত্রেই আগামীকালকের গুরুত্বপূর্ণ বৈঠক বলে দিল্লি সূত্রে খবর। ‘মিশন বাংলা’ বৈঠক প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমকে দিলীপ ঘোষ জানান, ‘রাজ্যে দলের সাংগঠনিক অগ্রগতি সম্পর্কে বৈঠকে দলের সভাপতিকে জানানো হবে। এইসঙ্গে সেই অগ্রগতিতে দলের রাজ্য নেতৃত্বের ভুমিকাও পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় কর্মসূচি পালনের খতিয়ানও তুলে ধরা হবে বৈঠকে।’ দিলীপ জানান, এবার থেকে প্রতি মাসে হবে এই বৈঠক।
মুখে না বললেও বিজেপি নেতৃত্বের একাংশের আশঙ্কা করছেন, লোকসভা ভোটে তৃণমূল বিরোধী হাওয়ায় দল জিতলেও বিকল্প নীতি ঘোষণার প্রয়োজন রয়েছে, তাহলেই সাফল্য ধরে রাখা সম্ভব। উল্লেখ্য, কদিন আগেই এই প্রসঙ্গ তোলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবৎ। এইসঙ্গে দলের অভ্যন্তরের কোন্দল না মেটালে তার সুযোগ পাবে রাজ্যের শাসক দল তৃণমূল। বুধবারের বৈঠক ইত্যাদি প্রসঙ্গ উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news