চ্যানেল হিন্দুস্তান, নিউজ ডেস্ক-
আজ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা ভোট, তৃণমূলের বিধায়ক সুব্রত সাহার প্রয়াণে উপনির্বাচন হচ্ছে, সকাল থেকে শুরু হয়েছে ভোট প্রক্রিয়া। এই নির্বাচনে নিজেদের জেতা আসন ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে তৃণমূলের প্রার্থী করেছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। তিনি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দূর সম্পর্কের আত্মীয় বলে পরিচিত।
ঘাসফুলের বিরোধী দল, বিজেপির হয়ে লড়ছেন দিলীপ সাহা, আর এই উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে সমর্থন করেছে বামেরা। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫ জন, তার মধ্যে রয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ পুরুষ ভোটার এবং ১ লক্ষ ২১ হাজার ২৮৭ জন মহিলা ভোটার। মোট ২৪৬ টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এই বিধানসভায়।
কমিশনের কড়া নির্দেশ মতো সাগরদিঘি উপনির্বাচন চলাকালীন বুথের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত বরদাস্ত করা যাবে না। কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় জমায়েতের খবর মিলছে।
বেলা ১২টা অবধি সাগরদিঘিতে ৩৫.৯২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সাগরদিঘির ২১৩ বুথের বিজেপি বুথ এজেন্ট কে খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে, পুলিশ আটক করেছে বলে অভিযোগ। আবার কোথায় দেখা যাচ্ছে অন্য চিত্র, সাগরদিঘি বিধানসভার ১২৩ এবং ১২৪ নম্বর বুথে ভোট দিলেই মিলছে মুড়ি-ঘুগনি।
সাগরদিঘি উপনির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ সাহা ও বাম সমর্থিক কংগ্রেস প্রার্থী বায়রণ বিশ্বাসের হাত মেলানো, বড়ো প্রশ্নের জন্ম দিচ্ছে রাজনৈতিক মহল। সেই প্রসঙ্গে কটাক্ষ করে বিরোধী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন,” বিরোধীদের অশুভ আঁতাত প্রকাশ্যে। সাগরদিঘির মানুষ এই অশুভ আঁতাতের জবাব দেবেন।”
নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ৬৫ ও ৬৬ নম্বর বুথে ২০০ মিটারের মধ্যে জমায়েতের অভিযোগ।কংগ্রেস ও বিজেপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় সামসাবাদে। সামসাবাদে একটি বুথের বাইরে সাক্ষাৎ হয় দুই বিরোধী প্রার্থীর। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে শুরু ভোটগ্রহণ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news