ওয়েব ডেস্ক:
সরকার গঠন নিয়ে মহারাষ্ট্রের নাটক যেন শেষ হতেই চাইছে না। বুধবার মহারাষ্ট্র বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিয়ে অজিত পাওয়ার বলে দিলেন, এখনও এনসিপিতেই আছি। যিনি কদিন আগে দল ছেড়ে দেবেন্দ্র ফড়নবিস সরকারের উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন। অজিতের দলে ফেরায় খুশি পাওয়ার পরিবারও। এদিন দেখা গেল শরদ কন্য সুপ্রিয়া সুলে আলিঙ্গনে বরণ করে নিচ্ছেন অজিতকে। শরদ পাওয়ারের প্রপৌত্র রোহিত পাওয়ার বললেন, অজিত পাওয়ার দলে ফিরেছেন, খুব ভালো লাগছে।
রাজ্যপালের ডাকা বিশেষ অধিবেশনে শপথ নিতে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও। এগিয়ে গিয়ে তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সুপ্রিয়া। এদিকে শপথ নিতে এসে শরদ পাওয়ার ও সনিয়া গাঁধীর ভূয়সী প্রশংসা করেন শিবসেনা নেত্রী নীলম গোরে। নীলম বলেন, শেষপর্যন্ত বালাসাহেবের স্বপ্ন সফল হচ্ছে। উদ্ধব ঠাকরের নেতৃত্বে মহা বিকাশ আগাড়ি সরকারের দায়িত্ব নিচ্ছে। এই স্বপ্ন সফলের পেছনে শরদ পাওয়ার ও সনিয়াজির অবদান সবচেয়ে বেশি।
এবং সবচেয়ে বড় চমক—শপথ নেওয়ার পর অজিত পাওয়ার বললেন, এনসিপি এখনও আমাকে বরখাস্ত করেনি। এখনও দলেই রয়েছি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news