চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ফের সাধুর ওপর হামলার ঘটনা ঘটল মহারাষ্ট্রের পালঘরে (Palghar)। বৃহস্পতিবার ভোরে পালঘরের বালিভালি এলাকার একটি মন্দির ও আশ্রমে ৩ অজ্ঞাত পরিচয় ব্যক্তি জোর করে ঢোকার চেষ্টা করে। বাধা দিলে মন্দিরের পুরোহিত ও তাঁর সহকারীর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। চুরি করায় ছিল দুষ্কৃতীদের প্রাথমিক উদ্দেশ্য বলে অনুমান পুলিশের।
পুলিশ সূত্রে খবর, চুরি করার উদ্দেশ্য নিয়ে জাগ্রত মহাদেব মন্দিরে প্রবেশ করে তিনজন দুষ্কৃতী। মন্দিরের দুই পুরোহিত শংকরানন্দ দয়ানন্দ সরস্বতী ও তাঁর সহকর্মী শ্যামসিংহ সোমসিংহ ঠাকুর বাধা দিলে দুষ্কৃতীরা তাঁদের ওপর হামলা চালায়। পাশাপাশি তারা ৬৮০০ টাকার মূল্যবান জিনিস নিয়েও পালিয়ে যায়। জানা গিয়েছে, ওইদিনই তিন আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০০ টাকা। বাকি দুই অভিযুক্ত এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি করছে মহারাষ্ট্র পুলিশ। এ প্রসঙ্গে ভিরার থানার অফিসার সুরেশ ভারদে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে চুরি ও মারধর করার অভিযোগে ৩৯৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল মহারাষ্ট্রে দুই সাধু ও এক চালক গণপিটুনির শিকার হন। যা নিয়ে সারাদেশে হইচই পড়ে যায়। ওইদিন দুজন সাধু গাড়িতে মুম্বইয়ের কান্দিভালি থেকে গুজরাতের সুরাতের দিকে যাচ্ছিলেন। পুলিশের তরফে বলা হয়েছে, সেইসময় ছেলে ধরা সন্দেহে ৭০-৮০ জন স্থানীয় গ্রামবাসী ওই দুজন সাধু ও তাঁদের চালকের উপর চড়াও হন। এই ঘটনায় মৃত্যু হয় তিনজনেরই। পরে ঘটনাস্থলে পুলিশ এলে, পুলিশ কর্মীদের ওপরও চড়াও হন ওই গ্রামবাসীরা। এই ঘটনায় ১৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news