নিজস্ব প্রতিনিধিঃ
ফের কাটমানি ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির গোষ্ঠীদ্বন্দ দাসপুরে। রবিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের মানিকপুর গ্রামে কাটমানি ইস্যুকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।
বাম জমানা থেকেই গ্রামের নানাবিধ উন্নয়ন প্রসঙ্গে সংশ্লিষ্ট গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে ৬ মাস অন্তর গ্রাম সংসদের মিটিং বসে। এদিন সেইমতো গ্রাম সংসদের মিটিং বসে মানিকপুর গ্রামে। ওই মিটিংয়ে পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত কর্মাদক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি ও তৃণমূল দুই পক্ষই। মিটিংয়ে বিজেপি নেতারা দাবি করেন, গ্রামে ঢালাই রাস্তা করার জন্য বরাদ্দ অর্থ থেকে ৫০ হাজার টাকা কাটমানি নিয়েছেন তৎকালীন পঞ্চায়েত সদস্য অশোক মাইতি। তাই গ্রামের পুরো রাস্তা ঢালাই করা হয়নি। ঢালাই না হওয়ার জন্য বর্ষাকালে গ্রামের মানুষেরা সমস্যার সম্মুখীন হন। তাই বাকি রাস্তা ঢালাই করার জন্য পুনরায় অর্থ বরাদ্দ করা হোক এই দাবি তোলেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের এই দাবি অস্বীকার করে, তাঁদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। এই ঘটনায় বিজেপি কর্মী সুজয় আদক ও মন্টু পাত্র। গুরুতর আহত অবস্থায় সুজয় আদককে ঘাটাল সুপার স্পেশালিটি নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে তৃণমূল কর্মীদের দাবি, মিথ্যে অভিযোগ এনে আমাদের উপরই আঘাত করেছে বিজেপি কর্মীরা। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য অশোক মাইতি বলেন, “বিজেপি কর্মীরাই প্রথম আমাদের উপর চড়াও হন। আমার জামা ছিঁড়ে দেওয়া হয়। বংশী বেরা নামে আমাদের এক কর্মীর হাত ভেঙে দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।” ঘাটালে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্য বলেন, “উন্নয়নের নাম করে প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত সদস্য কাটমানি নিয়েছে। আমাদের কর্মীরা সে বিষয়ে সরব হলে, তাঁদের উপর আক্রমণ করা হয়। এই ঘটনায় আমাদের কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।” দুই পক্ষের অভিযোগ শুনে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ।
স্থানীয়দের দাবি, তৃণমূলের পঞ্চায়েত সদস্য অশোক মাইতির নামে গ্রামীণ রাস্তা, বয়স্কদের বার্ধক্য ভাতা, বাংলার বাড়ি সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্প থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এই কারণে ২০১৮ সালে পঞ্চায়েত ভোটের সময় তাঁকে দল থেকে বহিষ্কারও করা হয়। কিন্তু তলে তলে তিনি দলের সঙ্গে যোগাযোগ রাখতেন। খড়গপুর সদর উপনির্বাচনে তৃণমূল জয়ী হলে তিনি ফের সক্রিয় হয়ে ওঠেন। এর আগেও একাধিকবার বিজেপি নেতাদের উপর আক্রমণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news