চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফেরার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলের জিজ্ঞাসা ছিল, এরপর কে?
এই প্রশ্নের উত্তরও খুব একটা কঠিন মনে হয় নি রাজনীতির কুশীলবদের!
প্রবীর ঘোষাল।
সহজ প্রশ্নের জানা উত্তর টি সকলেই দিতে পেরেছেন। তবে প্রবীরের দিক থেকে এই বিষয়ে কোনো সাড়াশব্দ পাওয়া যায় নি।
সম্প্রতি সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে, প্রয়াত নেতার স্মৃতি তর্পনে মুখ খুলেছেন প্রবীর, কলম ও ধরেছেন। তবে তাঁর তৃণমূলে ফেরার সম্ভাবনা আছে কি না, ফিরলেও কবে? এমন কোনও কথাই প্রবীর ঘোষাল বা তাঁর ঘনিষ্ঠ মহল থেকে উঠে আসেনি।

আজ, মঙ্গলবার, এই সম্ভাবনার কথা উঠে এল খোদ মুখ্যমন্ত্রীর কথায়। অন্ততঃ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাই খবর। এদিন বিধানসভায় নিজের ঘনিষ্ঠ বৃত্তের সঙ্গে কথোপকথনের সময় প্রবীর ঘোষালের প্রসঙ্গ ওঠে বলে দাবি সূত্রের। আর সেখানেই মমতা বলেন, ‘প্রবীর ঘোষালের সঙ্গে আমি যোগাযোগে আছি।’
প্রবীরের সঙ্গে মুখ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। সাংবাদিকতার পেশাগত সম্পর্কের সীমানা ছাড়িয়ে প্রবীর ঘোষালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যে পারিবারিক বন্ধুর মতো তা রাজনৈতিক ও সাংবাদিক মহলে সকলের জানা।
তাই মুখ্যমন্ত্রী নিজমুখে যখন বলেছেন যে তিনি প্রবীর ঘোষালের সঙ্গে যোগাযোগে রয়েছেন, তখন বিষয়টি যে ভিন্ন মাত্রা পাচ্ছে তা নিয়ে সন্দেহ নেই তথ্যাভিজ্ঞ মহলের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news