চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
অবশেষে ঘোষিত হল বাবরি মামলার রায়। বুধবার লখনৌ আদালত সেই রায়ে
প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং সহ ৩২ জন অভিযুক্তকেই নির্দোষ বলে ঘোষণা করা হয়েছে। লখনউয়ের বিশেষ সিবিআই আদালত বুধবার বাবরি ধ্বংস মামলার ৩২ জন জীবিত অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিল। আদালতের বক্তব্য দীর্ঘ ২৮ বছরের তদন্তের শেষেও এই ৩২ জনের বিরুদ্ধে সিবিআই এমন কোনও প্রমাণ বা নথি পেশ করতে পারেনি, যাতে প্রমাণ হয় বাবরি ধ্বংসের নেপথ্যে কোনও রাজনৈতিক নেতার উসকানি ছিল। ফলে এই দীর্ঘ ২৮ বছরের আইনি লড়াইয়ের পর এল কে আডবানী (Lal Krishna Advani), মুরলীমনোহর যোশী (Murli Manohar Joshi), কল্যাণ সিং, উমা ভারতী, সাক্ষী মহারাজের মতো বিজেপি নেতারা বেকসুর মুক্তি পেয়ে গেলেন।
তথাকথিত বাবরি মসজিদ (Babri Masjid) ধ্বংস মামলায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) এবং বিশ্ব হিন্দু পরিষদ (VHP)-কেও এ দিন ক্লিনচিট ধরিয়ে দেয় সিবিআই আদালত। ২ হাজার ৩০০ পাতার রায় পড়ে শোনানোর সময় বিচারক সুরেন্দ্রকুমার বলেন, ‘‘প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই ঘটনার সঙ্গে আরএসএস এবং ভিএইচপি-র কোনও ভূমিকা ছিল না। মসজিদের পিছন থেকে অজ্ঞাত পরিচয় লোকজনই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন।’’ রায়ের পরেই আডবাণী যোশীদের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। বর্ষীয়ান বিজেপি নেতাদের অভিনন্দন জানিয়েছেন আরও অনেকেই। রায়ের পর ‘হতাশ’ কংগ্রেস-সহ বিরোধীরা। রায়কে স্বাগত জানানোর পাশাপাশি উচ্ছ্বসিত পদ্ম শিবির। বাবরি ধ্বংস মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন মুরলিমনোহর জোশী। কার্যত ২৮ বছরের শাপমুক্তি ঘটল এ দিনের আদালতের রায়ে। রায়ের পর তিনি বলেছেন, ‘‘এটা আদালতের ঐতিহাসিক সিদ্ধান্ত। অযোধ্যায় ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের ঘটনার পিছনে যে কোনও ষড়যন্ত্র ছিল না, এটা তার প্রমাণ। আমাদের কর্মসূচি ও সমাবেশ কোনও ষড়যন্ত্রের অংশ ছিল না। আমরা খুশি। এ বার প্রত্যেকেরই উচিত রাম মন্দিরের নির্মাণে মনোযোগ দেওয়া।’’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news