প্রসেনজিৎ ধর:
উত্তরপাড়া, কোন্নগর ও হিন্দমোটরের দীর্ঘদিনের চাহিদা পূরণ হল। বহুদিন ধরে এই এলাকার মানুষের দাবি ছিল উত্তরপাড়া শহর থেকে শহর কলকাতায় যাওয়ার এসি বাস পরিষেবা চালু হোক। বুধবার সেই এসি বাস পরিষেবা চালু হল। কোন্নগর ধারসা পেট্রোল পাম্প থেকে নবান্ন পর্যন্ত রুটে ছুটবে এই এসি বাস। নবান্ন যেতে সময় লাগবে এক ঘন্টা। শুরুতে প্রতি ঘন্টায় একটি করে বাস মিলবে। পরিবহন দফতর জানিয়েছে, আগামী দিনে যাত্রীসংখ্যা বাড়লে বাসের সংখ্যাও বাড়ানো হবে।
প্রসঙ্গত, আগে এই এলাকা থেকে কলকাতা যেতে একমাত্র ভরসা ছিল তিন নম্বর রুটের বাস। কিন্তু বেশ কয়েকবছর হল সেই বাস আর চোখে পড়ে না। কেন দেখা মিলছে না সেই বাসের? তিন নম্বর বাসের মালিক ও চালকদের দাবি, আমরা পঞ্চাশটার বেশি বাস চালাতাম, কিন্তু যেদিন থেকে জিটি রোডে টোটো চলাচল শুরু হয়েছে সেদিন থেকেই আমাদের যাত্রীসংখ্যা কমতে শুরু করে। বাধ্য হয়ে আমরা বাস পরিষেবা বন্ধ করেছি।
এলাকায় নতুন এসি বাস চালু হওয়ায় স্বভাবতই খুশি স্থানীয় সাধারণ যাত্রীরা। তাঁদের বক্তব্য, খুব ভালো হয়েছে। এসি বাস আরও আগে দরকার ছিল। আশা করি ভবিষ্যতে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হবে না। তাছাড়া আগে নবান্ন যেতে হলে ট্রেনেই যেতে হত। এখন বাড়ির সামনে থেকেই বাস পাওয়া যাবে। স্থানীয় তৃণমুল নেতা সন্দীপ দাস বলেন, আমাদের সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে আসছে, তারমধ্যে অন্যতম এসি বাস পরিষেবা। এখন ধাসরা এলাকা থেকে এই বাস নবান্ন পর্যন্ত যাবে। আগামী দিনে এই বাস শ্রীরামপুর থেকে যাতে চলাচল করে সেটা নিয়েও আমরা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দরবার করব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news