ওয়েব ডেস্ক:
ভোট লুঠ করতে পুরুলিয়ায় অভিষেক, কমিশনে অভিযোগ কংগ্রেসের। কংগ্রেস নেতৃত্বের প্রশ্ন, পুরুলিয়ায় কেন বসে রয়েছেন যুব তৃণমূল সভাপতি? তাঁদের দাবি, অবিলম্বে তাঁকে জেলাছাড়া করা হোক। এদিন রাজ্য কংগ্রেস কমিশনে অভিযোগ করে, পঞ্চায়েত নির্বাচনের ধাঁচে ভোটে কারচুপি করতেই আসলে জেলায় ঘাঁটি গেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, রবিবার পুরুলিয়ায় ভোট। তার আগে নির্বাচন পরিচালনা করতে পুরুলিয়ার ঝালদায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে তৃণমূল সব থেকে বড় ধাক্কা খেয়েছিল পুরুলিয়ায়। তাই এবার সেখানকার নির্বাচন পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিষেক। আর এখানেই আপত্তি কংগ্রেসের।
কংগ্রেস নেতা উত্তম বন্দ্যোপাধ্যায়ের দাবি, কারচুপি করতেই পুরুলিয়ায় বসে আছেন অভিষেক। বিভিন্ন বুথে দুষ্কৃতী কাজে লাগিয়ে, কারচুপি করে পুরুলিয়ার আসনটি জেতার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ জারি করতে কমিশনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। কমিশনের পাশাপাশি একথা জানানো হয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকেও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news