নীল রায়:
‘পিসি’র স্বাস্থ্য পরিষেবায় অনাস্থা খোদ ‘ভাইপো’র!
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীও বটে। কথায় কথায় তিনি দাবি করেন, তাঁর জমানায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা অভাবনীয় উন্নতি হয়েছে। রাজ্যের প্রান্তিক জেলাগুলি পেয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল। এদিকে ভাইপোর স্ত্রীকে কিনা চিকিৎসা করাতে ছুটতে হয় বাপের বাড়ি ব্যাঙ্ককে! এমন স্বীকারোক্তিই প্রকাশ পেয়েছে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনে। এদিন আমতলার পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল যুবর সভাপতি। যেখানে তাঁর স্ত্রীর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খণ্ডন করেন তিনি। প্রসঙ্গত, গত ১৫ মার্চ রাতে ব্যাঙ্কক থেকে কলকাতা ফিরছিলেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে বিজেপি, কংগ্রেস ও সিপিএম একযোগে অভিযোগ আনে, স্বামীর রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিমানবন্দরে শুল্ক দফতরের কর্তাদের সঙ্গে বচসায় জরান রুজিরা। আরও অভিযোগ, ব্যাঙ্কক থেকে তিনি দু’কেজি সোনা নিয়ে কলকাতা ফিরছিলেন। সাফাই দিতে গিয়ে অভিষেক বলেন, “আমার স্ত্রী চিকিৎসার জন্য ব্যাঙ্কক গিয়েছিলেন।”
এরপরেই প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী যেখানে বারবার দাবি করছেন, তাঁর জমানায় এ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন হয়েছে। রাজ্যের মানুষ বিনামূল্যে চিকিৎসা পাওয়া থেকে শুরু করে দেশের সর্বোত্তম চিকিৎসা পাচ্ছেন! তাহলে তাঁরই পরিবারের একজনকে কেন চিকিৎসা করাতে বিদেশে যেতে হচ্ছে! অভিষেকের সাংবাদিক সম্মেলনের পরে বারুইপুরের সিপিএম কার্যালয়ে বসে এই বিষয়ে নিয়ে প্রশ্ন তোলেন যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য। এক সিপিএম নেতার কথায়, রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভালো করেছেন তা তিনি নিজেই জানেন এবং তাঁর পরিবারের সদস্যরাও ভালো মতো জানেন। তাই মুখ্যমন্ত্রীর পরিবারের কোনও সদস্য অসুস্থ হলে সরকারি হাসপাতালে ভর্তি হন না। আর রাজনীতিক ভাইপোর স্ত্রীকে তো চিকিৎসা করাতে বাপের বাড়ি সুদূর ব্যাঙ্ককে ছুটতে হয়। অর্থাৎ, মুখ্যমন্ত্রীর রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত দাবির প্রতি অনাস্থা দেখা যাচ্ছে তাঁর পরিবারেই। এর থেকেই স্পষ্ট রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news