নীল রায়।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছাড়া তাঁর ভাইপোর রাজনৈতিক পরিচয় কি শূন্য ? এমনই প্রশ্ন উস্কে দিয়ে গেল সোমবারের নেতাজি ইন্ডোরে সমাবেশ। এদিন নেতাজি ইন্ডোরে দলের ছাত্র-যুবদের কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিল দলের ছাত্র সংগঠনের প্রায় হাজার দশেক ছাত্র যুব কর্মী। সেখানে বক্তৃতা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দেড়টা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ছেড়ে বেরনোর সময় পরবর্তী বক্তা হিসেবে সাংসদ ডেরেক’ও ব্রায়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম ঘোষণা করে দিয়ে যান মুখ্যমন্ত্রী।
দুপুর ৩টে নাগাদ অভিষেকের বক্তৃতার জন্য সময় ধার্য্য হয়েছিল। বক্তা হিসেবে যথা সময়ে তাঁর নামও ডাকা হয়। কিন্তু তাঁর অনেক আগেই মঞ্চ ছেড়ে চলে যান মুখ্যমন্ত্রীর এই সাংসদ ভাইপো। কিন্তু কেন এমনটা করলেন অভিষেক, তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, দলের যুব সভাপতিকে যখন বক্তব্য রাখতে ডাকা হয়, সে সময় নাকি দর্শকাসনে হাজির ছিল মেরেকেটে ১০০-১৫০ জন! গ্যালারি শূন্য দর্শকাসন দেখে বেজায় ক্ষুব্ধ হন ডায়মন্ড হারবারের সংসদ সদস্য। মঞ্চের সামনেও হাতেগোনা কয়েকজন দর্শকই তখনও বসেছিলেন। সূত্রের খবর, এমন পরিস্থিতি দেখে একরাশ ক্ষোভ নিয়ে নেতাজি ইন্ডোর ছাড়েন তিনি।
সূত্রের খবর, বিধানসভায় ব্যস্ত থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয় অভিষেকের। দলনেত্রীকে কর্মশালার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন যুবনেতা। সন্ধ্যায় কালীঘাটে ফিরে সাংগঠনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে এদিনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ছাত্র ও যুব সংগঠনে বেশকিছু রদবদল করবেন তৃণমূল সুপ্রিমো।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news