চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নিজের লোকসভা ডায়মন্ডহারবারের মানুষের উদ্দেশ্যে একটি ফেসবুক লাইভ করেন তিনি। ফেসবুক লাইভে মূলত একটি বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনা মোকাবিলায় নেওয়া দুটি পদক্ষেপের তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীর সমালোচনা করছি না। তিনি দুটি কর্মসূচি দিয়েছিলেন, কিছু মানুষ তা মেনে পালন করেছেন। আবার কিছু মানুষ তা মানেননি। আমি কাউকে কটুক্তি করছি না। আমাকে মাপ করবেন। কিন্তু আমার মনে হয়েছে, থালা বাজিয়ে কিম্বা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে কোনও গরিব বা দুঃস্থ মানুষের পেটের জ্বালা মেটানো যায় না। তাই আমি চেষ্টা করেছি গরিব মানুষের মুখে অন্ন তুলে দিতে।” অভিষেক আরও বলেন, “একটা প্রদীপ জ্বালিয়ে হয়তো পৃথিবীর এক কোণে অন্ধকার মেটানো যায়। কিন্তু অভুক্ত মানুষের ক্ষুধার জ্বালা মেটানো যায় না। তিনি ২০ কোটি ভোট পেয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমিও ১৭-১৮ লক্ষ ভোট পেয়ে ডায়মন্ড হারবারের সাংসদ হয়েছি। তাই সাংসদ হিসেবে আমার দায়িত্ব ডায়মন্ড হারবার এলাকায় যাতে কেউ অভুক্ত মারা না যান। কেউ অভুক্ত হয়ে রাতে শুতে না যান। যারা আমায় ভোট দিয়েছেন তারা যেমন আমার দায়িত্ব, যারা আমায় ভোট দেননি তারাও আমার দায়িত্ব।”
প্রসঙ্গত, গত রবিবার প্রধানমন্ত্রীর কথামতো যেমন দেশের একাংশ মানুষ প্রদীপ মোমবাতি জ্বালিয়ে ছিলেন। তেমনি আবার বেশ কিছু অতি উৎসাহী জনতা আতশবাজি পুড়িয়েছিলেন উৎসবের আমেজে। প্রকাশ্যে কিছু না বললেও টুইট করে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভ্রাতুষ্পুত্র। টুইট করে সেবার অভিষেক বলেছিলেন, “আতশবাজির অভিনব মঞ্চে আকাশের বুকে আমরা মহামারীর উদযাপনকারী প্রথম দেশ হয়ে উঠলাম। কোভিড-১৯-এর জন্য আমরা কতজন লকডাউনের নিয়ম অনুসরণ করেছি তা নিয়েও ভাবছি। যা প্রচার করা হচ্ছে, তা আত্ম-বিচ্ছিন্নতা বা আত্ম-ধংস?”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news