চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গের মুসলিম ধর্মাবলম্বীদের বাড়িতেই শবেবরাত পালন করার অনুরোধ জানালেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার জোড়া ভিডিও বার্তা প্রকাশ করে এই অনুরোধ জানালেন তিনি। প্রথমে হিন্দী ও পরে বাংলায় মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে এই অনুরোধ জানান কলকাতার মেয়র। আবেদনের সুরে তিনি বলেন, “আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে এসেছি, যেভাবে করোনা ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখন একটা মানুষের নিঃশ্বাস থেকে আরেকটা মানুষের কাছে করোনা ভাইরাস চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সোশ্যাল ডিস্টেন্সিং অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমরা যদি একে অপরের কাছে যাই এবং নিঃশ্বাসের মাধ্যমে এটা ছড়িয়ে পড়তে পারে। সেই আশঙ্কাও রয়েছে। তাই আমাকে সুরক্ষিত থাকতে হবে, আমাকে বাড়িতেই থাকতে হবে। সেই কারণেই এখন সবকিছু বন্ধ রাখা হয়েছে, তা আমাদের ন্যায্য ভাবে বন্ধ করে রাখতে হবে।”
তিনি বলেন, “আমরা অনেকেই শবেবরাতের দিনকে কবর জিয়ারত করতে যাই। আমাদের যারা আপনজন মারা গিয়েছেন, তাদের জন্য প্রার্থনা করতে যাই। সেই কাজটা এবার আমরা বাড়িতে করব। আমরা কখনই তা একসঙ্গে গিয়ে করব জিয়ারত করব না। তাহলে রোগটা ছড়িয়ে পড়ার সুযোগ পাবে।” বিভিন্ন মসজিদের মৌলবীদের প্রশংসা করে তিনি আরও বলেন, “আমি মৌলবী সাহেবদের ধন্যবাদ জানাই। যারা মসজিদ বন্ধ করে ভেতরে নিজেরা নামাজ পড়ছেন। আর সবাইকে বলে দিয়েছেন বাড়িতে থেকেই নামাজ পড়ুন।”
ফিরহাদ হাকিম বলেন, “শবেবারাত বাড়িতে করব। কেউ একসঙ্গে কবরস্থানে যাব না। আমি কলকাতা পুরসভাকে বলে দিয়েছি শবেবরাতে কবর স্থানগুলি বন্ধ রাখতে। আপনাদের সকলকে অনুরোধ করছি, এবার আপনারা কবরস্থানে যাবেন না। এরপরের বছর যখন সব ঠিক হয়ে যাবে। যখন করোনা চলে যাবে, আমরা আবার সবাই একসঙ্গে সব উৎসব পালন করব।” তিনি আরও বলেছেন, “আমরা যদি সোশ্যাল ডিসটেন্সিং বজায় না রাখি, ফিজিক্যাল ডিসটেন্স না রাখি। তাহলে আমার পরিবারের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়বে। তারপর আমার পাড়ায় রোগটা ছড়িয়ে পড়বে। তারপর আমার প্রদেশে ছড়িয়ে পড়বে, আমার দেশে ছড়িয়ে পড়বে। তাই সোশ্যাল ডিসটেন্সিং খুব জরুরী হয়ে পড়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news