ওয়েব ডেস্ক:
মোদী চাইলে ওনার সঙ্গেও কাজ করবে অভিজিৎ। বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, আগামীকালই কলকাতায় আসছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। শহর যেমন নোবেলজয়ী বঙ্গসন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত, তেমনি অপেক্ষার প্রহর গুণছেন মা নির্মলাদেবীও। এরমধ্যেই আগামীকালই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অভিজিতের সৌজন্য সাক্ষাৎ-এর কথা, যে বিষয়ে ছেলেকে সতর্ক করেলেন মা। অভিজিতকে রাজনৈতিক অনুষঙ্গ এড়ানোর পরামর্শ দিলেন নির্মলা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, মোদী যেন অভিজিতের উপর অসন্তুষ্ট না হন। ”রাজনীতির কোনও লেবেল যেন অভিজিতের গায়ে না পড়ে।” নির্মলাদেবী আরও বলেন, ”মোদী চাইলে অভিজিৎ ওনার সঙ্গেও কাজ করবে।”
উল্লেখ্য, প্রথম থেকেই বর্তমান কেন্দ্রীয় সরকারের অর্থনীতি নিয়ে এই নোবেলজয়ী অর্থনীতিবিদের আপত্তি রয়েছে। মোদী জমানার ভারতের অর্থনীতি নিয়ে একাধিকবার সমালোচনাও করেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ডিমানিটাইসেসন নিয়েও আপত্তি করেন। তাছাড়া প্রাক লোকসভা পর্বে কংগ্রেসের ‘ন্যায়’ প্রকল্প ভাবনার রূপক অভিজিত। যা নিয়ে নোবেল পাওয়ার পরেও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। যদিও অভিজিতের নোবেলপ্রাপ্তীতে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সেই সূত্রেই তাঁকে আগামীকাল আমন্ত্রণ জানান দিল্লিতে।
যদিও নোবেল পুরস্কার ঘোষণার দিনেও এমআইটিতে ভাষণ দিতে গিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, দেশে অর্থনীতিতে চাহিদা কমছে, এটা আশঙ্কার বিষয়। অভিজিৎ আরও বলেন, ”পরিসংখ্যান সঠিক না বেঠিক তা নিয়ে লড়াই চলছে। যে পরিসংখ্যান সরকারের পক্ষে নয়, তা ভুল মনে করছে তারা। কিন্তু আমার মনে হয় সরকারও বুঝতে পারছে, সমস্যা রয়েছে। ক্রমশ স্লথ হচ্ছে অর্থনীতি। কতটা দ্রুতবেগে অধোগামী হচ্ছে, তা নিয়ে পরিসংখ্যানে বিভ্রান্তি রয়েছে। তবে আমার মনে হচ্ছে, বেশ দ্রুতই।”
অভিজিতের এমন বক্তব্যের পরেই সঙ্ঘাত প্রকাশ্যে আসে বেশি করে। পাল্টা মুখ খোলেন পীযূষ গোয়েল। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বামপন্থী অর্থনীতিবিদ বলে কটাক্ষ করেন। অভিজিতের ‘ন্যায়’ প্রকল্প গ্রহণ করেনি দেশ, তাও মনে করিয়ে দেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। বিজেপি রাজ্য সম্পাদক রাহুল সিনহাও অভিজিতকে নিশানা করে মন্তব্য করেন।
এমত অবস্থায় আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন নোবেলজয়ী ছেলে। মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যেন ‘বুঝেসুঝে’ কথা বলে অভিজিৎ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news