ওয়েব ডেস্ক:
প্রকাশিত হয়েছে অসমের এনআরসি’র চূড়ান্ত তালিকা। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করল অল অসম স্টুডেন্ট ইউনিয়ন (আসু)।আসু’র সদস্যদের মতে এই তালিকা ত্রুটিপূর্ণ। তারা বিচার চেয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিল। উল্লেখ্য, অসমের ভূমিপুত্ররাই এনআরসি তালিকায় অন্তর্ভুক্ত হবে প্রথম থেকে এই দাবি তুলে এসেছে ‘আসু’। এদিন চূড়ান্ত তালিকা প্রকাশের পর সাংবাদিক বৈঠক করে অল অসম স্টুডেন্ট ইউনিয়ন। সংগঠনের সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ জানান, এনআরসি’র চূড়ান্ত তালিকায় খুশি নই আমরা। অসম্পূর্ণ এনআরসি হয়েছে। ত্রুটিমুক্ত করার দাবিতে আমরা সুপ্রিম কোর্টে যাব।
ক্ষোভ প্রকাশ করে আসু জানায়, এনআরসি থেকে বাদ পড়ার সংখ্যা অপ্রত্যাশিত। যা ভাবা হয়েছিল তা থেকে অনেক কম বলে দাবি আসুর। পাশাপাশি তাদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই এ দেশের প্রকৃত নাগরিকের নামই অন্তর্ভুক্ত হয়নি। প্রসঙ্গত, অসম থেকে বিদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়ণের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর আমলে যে অসম চুক্তি স্বাক্ষরিত হয়, তার অন্যতম সদস্য ছিল আসু।
এদিকে দেশের শীর্ষ আদালতের নির্দেশ মতো আজই অসমে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। তালিকা থেকে বাদ পড়েছে ১৯,০৬,৬৫৭ জনের নাম। অন্যদিকে নথিভুক্ত হয়েছে মোট ৩.১১ কোটি মানুষের নাম। উল্লেখ্য, গত বছর যে খসড়া তালিকা প্রকাশ হয় সেখানে ৪০.০৭ লক্ষ মানুষের নাম বাদ পড়ে। যা অনেকেটাই কমে গিয়েছে চূড়ান্ত তালিকায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news