ওয়েব ডেস্ক:
৩৭০ বিলোপের অন্ধ বিরোধিতা করা উচিত নয়, বললেন কাশ্মীরের মহারাজা হরি সিংহ’র ছেলে কংগ্রেস নেতা করন সিংহ। তবে তিনি এও জানান, ‘৩৭০ অনুচ্ছেদ বিলোপে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।’ প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের ভারতভূক্তির চুক্তি স্বাক্ষর করেছিলেন মহারাজা হরি সিংহ।
যদিও তিনি কংগ্রেস নেতা তবু জম্মু-কাশ্মীরের শেষ সদর-ই-রিয়াসত তথা প্রথম রাজ্যপাল করন সিংহ মনে করেন, ‘কেন্দ্রের সিদ্ধান্তে একাধিক ইতিবাচক দিক রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে লাদাখ। এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত।’ বৃহস্পতিবার এইসঙ্গে করনের অভিমত, পিডিপি ও এনসিকে দেশবিরোধী তকমা দেওয়া ঠিক হচ্ছে না। তাঁর কথায়,’রাজনৈতিক সংলাপ চালিয়ে যাওয়ার দরকার আছে। রাজনৈতিক দলের নেতাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।’
প্রসঙ্গত, করন সিংহ প্রথম নন, দল হিসেবে কংগ্রেস ৩৭০ বিলোপের বিরোধিতা করলেও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো তরুণ তুর্কি খোলাখুলি সমর্থন করেছে মোদী সরকারকে। এছাড়াও হরিয়ানার কংগ্রেস নেতা দীপেন্দ্র হুদার মতো একাধিক নেতা এই বিষয়ে দলের বিপরীতে গিয়ে নিজস্ব অভিমত জানিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news