নীল রায়
আচমকাই বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে পড়ল বড়োসড়ো পাটকেল! রবিবার সকালে দিলীপ ঘোষের সল্টলেকের এল-৩৬ বাসভবনে সামনে তার স্করপিও গাড়িটি দাঁড়িয়েছিল। হুগলির সিঙ্গুরে বিজেপির “মন কি বাত” অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল খড়গপুর সদরের বিধায়কের। এদিন সকাল সাড়ে নটা নাগাদ আচমকাই তাঁর গাড়ির ওপর এসে পড়ে একটি বড়সড় পাটকেল। ঘটনাস্থলে অপেক্ষারত নিরাপত্তারক্ষী ও বিজেপি কর্মী সমর্থকরা হকচকিয়ে যান। কে মেরেছে এই পাটকেলটি? শুরু হয়ে যায় খোঁজ। ঘটনার সময় বাড়ির ভেতরে ছিলেন দিলীপ ঘোষ। বিষয়টি জানানো হয় তাঁকেও। শেষমেষ কাউকে পাওয়া না গেলে ক্ষান্ত হন নিরাপত্তাকর্মী থেকে বিজেপির কর্মী-সমর্থকরা। বেলা দশটা নাগাদ সেই গাড়িটি নিয়েই সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি সভাপতি। পরে সিঙ্গুর থেকে বর্ধমানে আরও একটি কর্মসূচিতে যোগ দিতে যান তিনি। এ প্রসঙ্গে সল্টলেকের বাসিন্দা তথা বিজেপি নেতা অনুপম ঘোষ জানিয়েছেন, দিলীপ ঘোষের গাড়িতে ইটপাটকেল ছোঁড়া হয়েছে বলে আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, দার্জিলিং ও কোচবিহারে দু’দফায় দিলীপ ঘোষের উপর হামলা হয়েছে। আর তার জেরে দিলীপের নিরাপত্তা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এদিন পাটকেলটি কি তার ওপরই হামলার উদ্দেশ্যে করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্য বিজেপির অন্দরমহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news