চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার করা হল ৩৫ বছর বয়সী এক যুবককে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার উত্তেরস এলাকায়। ওই নাবালিকার পরিবারের তরফে জানানো হয়, কিছুদিন ধরে ওই নাবালিকার পেটের ব্যথা হচ্ছিল। পরিবারের লোকজন স্থানীয় এক বৈদ্যের কাছে নিয়ে যান ওই নাবালিকাকে। কিন্তু তারপরেও পেটের ব্যথা না কমায় অনন্তনাগের একটি হাসপাতালে ভর্তি করা হয় ওই নাবালিকাকে। হাসপাতালের চিকিৎসকরা জানান, ওই নাবালিকা ৮ মাসের অন্তঃসত্ত্বা।
এরপরই পরিবারের লোকজন স্থানীয় ওয়াকফ কমিটি ও বিদ্যজনদের আলোচনা করে উত্তেরস থানায় অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তারপরই পরিবারের তরফে দাবি করা হয়, গ্রেফতার হওয়া ওই ব্যক্তি তাঁদেরই প্রতিবেশী। এমনকি ওই ব্যক্তির সঙ্গে আত্মীয়ের সম্পর্ক রয়েছে নাবালিকার মায়ের। বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রায় তিনি বাড়িতে আসতেন। এবং একাধিকবার ধর্ষণ করেছে ওই নাবালিকাকে।
সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি পুলিশকে ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। তিনি বলেছেন একাধিকবার ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেছেন ওই নাবালিকাকে। এই ঘটনা যাতে কেউ জানতে না পারে সেই জন্য ওই নাবালিকাকে প্রাণের হুমকিও দিয়েছেন তিনি। পুরো ঘটনা সামনে আসার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news