সূর্য সরকার।
“আট ঘন্টা জায়গায় ১২ ঘন্টা কাজ করুন। ইন্সেন্টিভ দেবে রাজ্য সরকার।” বুলবুল পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে বসিরহাটে (Basirhat) প্রশাসনিক বৈঠকের এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুলবুল পরবর্তী পরিস্থিতিতে জেলার পুনর্গঠন এর কাজে সরকারি আধিকারিকদের আরও বেশি করে কাজ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বুলবুল পরবর্তী পরিস্থিতি দেখতে কাকদ্বীপের পরে এদিন বসিরহাটের বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর প্রশাসনিক বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “১৫ লক্ষ হেক্টর জমি বুলবুলের জন্য নষ্ট হয়ে গিয়েছে। ৫ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।রাজ্য সরকার সমস্ত বাড়ি তৈরী করে দেবে।চাষের জমি থেকে পাম্পিং করে জল বের করে দেওয়া হবে।” বুলবুল বিধ্বস্ত এলাকার রিপোর্ট দেখে ত্রাণ ও পুনর্বাসনের কাজ দ্রুত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, “দুর্গত এলাকায় ত্রাণ দেওয়ার ক্ষেত্রে রাজনীতির রং দেখা হবে না।সকলের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে হবে।”
প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, “বহু এলাকায় জল জমে থাকার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যে সমস্ত ছাত্র ছাত্রীদের পরীক্ষা রয়েছে, তাদের ৫ লিটার করে কেরোসিন তেল এবং হ্যারিকেন দেওয়ার নির্দেশ হয়েছে।” এছাড়াও দুর্গত এলাকার মানুষদের ১২ কেজি চাল এবং বেবীফুড বিতরণের কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ছাত্র ছাত্রীদের বইপত্র নষ্ট হয়ে থাকলে সেটাও কিনে দেওয়া হবে। মোবাইল ক্যাম্প করে চিকিৎসার ব্যবস্হা করা হবে। সেখানে চিকিৎসকরা আসবেন।” দুর্গত এলাকায় শুকনো খাবার বিতরণ করতে বলেন মমতা। এদিন বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “জনস্বাস্থ্য কারিগরি দফতর কাজ শুরু করেছে।নতুন করে ম্যানগ্রোভ লাগাতে হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news