নিজস্ব সংবাদদাতা:
দুর্গাপুর: গত পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে যাওয়ার মাশুল। চলতি অর্থ বছরে একশ দিনের কাজ না পাওয়ার অভিযোগ। ঘটনাটি কেন্দ্র করে চরম ক্ষোভ ছড়িয়েছে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের ধবারু গ্রামে। কাজ না পেয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা।
চলতি অর্থ বছরে কাঁকসা ব্লকের বিভিন্ন অঞ্চলে জোরকদমে একশ দিনের কাজ শুরু হয়েছে। ওই ব্লকের ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের ধবারু গ্রামের রায়পাড়া, রানীসায়ের ও মুর্গাবনি পাড়ায় প্রায় ২০০ পরিবারের বসবাস। সিংহভাগই দিনমজুর। তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা সমীর রায়, ছবি রায়, লক্ষ্মী রায়রা জানান, ‘গত ফেব্রুয়ারি মাসে শেষ কাজ হয়েছে। তার মজুরি এখনও পাইনি। তারপর চলতি অর্থবছরে অঞ্চলের সব গ্রামে কাজ চলছে, অথচ আমাদের এলাকায় কোনও কাজ দেওয়া হয়নি।’ কাজ বন্ধ হওয়ার কারণ হিসেবে বাসিন্দারা জানান, ‘গত পঞ্চায়েত নির্বাচনে জব-সুপারভাইজারের দুর্নীতির প্রতিবাদে বিজেপিকে ভোট দিয়েছিলাম আমরা। তখন জব সুপারভাইজার পেটে মারার হুমকি দিয়েছিল। তাই হচ্ছে এখন।’
ইতিমধ্যে বঞ্চনার প্রতিবাদে ও একশ দিনের কাজের দাবিতে কাঁকসা বিডিওর কাছে অভিযোগ জানান হয়েছে। যদিও ধবারু গ্রামের জব সুপারভাইজার তথা স্থানীয় তৃণমূলকর্মী মনোজ মন্ডল অভিযোগ অস্বীকার করে সাফাই দেন, ‘গত এপ্রিল মাসে এলাকায় কোনও কাজ না হওয়ায় এখন আর কাজের অনুমোদন হচ্ছে না।’ কাঁকসা বিডিও অরবিন্দ বিশ্বাস জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে কেন কাজ পাননি ওরা।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news