চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
৯৮ বছর বয়সেও করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হলেন মুম্বইয়ের বাসিন্দা। বয়স তাঁকে হার মানাতে পারেনি। ঠিক যেভাবে সীমান্তে শত্রুর বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছেন, ঠিক সেভাবেই হাসপাতালে করোনার বিরুদ্ধে লড়াই করে জয়ী হলেন প্রাক্তন সেনা জওয়ান।
৯৮ বছর বয়সী রামু লক্ষণ সকপাল, মুম্বইয়ের নেরুলের বাসিন্দা প্রাক্তন এই সেনাকর্মী। কয়েক সপ্তাহ আগে নিউমোনিয়া ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্ডিয়ান নভেল হাসপাতালে ভর্তি হন। বেশ কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার খুবই অবনতি হয়। চিকিৎসকদের প্রচেষ্টায় ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন তিনি করোনার বিরুদ্ধে লড়ে স্বাধীন হন বর্ষীয়ান এই সেনা কর্মী।
চিকিৎসকদের মতে, হাসপাতালে ভর্তির পর থেকে প্রাক্তন সেনা অফিসারের শারীরিক অবস্থার অবনতি হয়। কিন্তু তাঁর মনের জোর ছিল প্রবল। করোনা বিরুদ্ধে লড়াই করে জিতবেন বলেও তিনি একাধিকবার জানিয়েছেন। বর্তমানে তিনি অনেকটাই ভালো রয়েছেন। শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। আবার ৯৮ বছর বয়সী করোনা আক্রান্ত এই বৃদ্ধকে সুস্থ করতে পেরে খুশি চিকিৎসকরাও। এদিন হাসপাতাল থেকে ছাড়ার সময় চিকিৎসকরা একসঙ্গে এই বৃদ্ধ যোদ্ধার সঙ্গে ছবি তোলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news