ওয়েব ডেস্ক
ধারা ৩৫এ এবং ৩৭০ সরিয়ে নিলে ভারতের সঙ্গে জম্মু-কাশ্মীরের সম্পর্ক শেষ হয়ে যাবে, মনোনয়ন দাখিল করতে এসে এমনই হুমকি দিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। উল্লেখ্য, সম্প্রতি একটি সর্বভারতীয় দৈনিকে এক সাক্ষাৎকারে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, জম্মু-কাশ্মীর থেকে ধারা ৩৫এ ও ৩৭০ সরালেই রাজ্যের সমস্যার সমাধান হবে। শাহ বলেন, এবার রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এই ধারা সরানো যায়নি। ২০২০র মধ্যে তা সম্ভব হবে। এরই উত্তরে চাঁচাছোলা ভাষায় মেহবুবা জানান, এরকমটা হলে ২০২০র পর ভারতের সঙ্গে জম্মু-কাশ্মীরের সম্পর্কেরও ইতি হবে।
ভোটের আগে আগেই পিডিপি নেত্রীর এই বক্তব্যের বিজেপিও কড়া উত্তর দিয়েছে। বুধবার বিজেপি নেতা অরুন জেটলি বলেন, মেহবুবার মন্তব্য ‘অবান্তর’। ধারা ৩৭০ থাকুক বা সরুক, জম্মু-কাশ্মীর ভারতের অংশ ছিল ও থাকবে।
প্রসঙ্গত ধারা ৩৫এ এবং ধারা ৩৭০ জম্মু-কাশ্মীরের নাগরিকদের বিশেষ অধিকার প্রদান করেছে। এই ধারা অনুযায়ী জম্মু-কাশ্মীরের স্থায়ী নাগরিক ছাড়া কেউ রাজ্যে কোনও ব্যবসা করতে পারবেন না অথবা কোনও স্থাবর সম্পত্তি কিনতে পারবেন না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news