চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
১৬ আগস্ট থেকে পুনরায় শুরু হতে চলেছে বৈষ্ণব দেবী যাত্রা। করোনা ভাইরাসের কারণে ৫ মাস বন্ধ থাকার পর রবিবার থেকে পুনরায় এই যাত্রা শুরু করার কথা জানিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। তবে থাকছে কিছু নির্দেশিকা। মঙ্গলবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে তীর্থযাত্রীদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, চর-ই-শরিফ, হযরতবল, মাতা বৈষ্ণব দেবী, নাঙালী সাহেব, শাহদারা শরিফ, শিব খোরি সহ কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান মন্দিরগুলোতে অল্প সংখ্যায় ভক্তদের অনুমতি দেওয়া হবে। তবে দেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা এখনই দর্শনে আসতে পারবেন। কিন্তু করোনা সংক্রমণ এড়াতে প্রত্যেককে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এ ছাড়া বৈষ্ণব দেবী যাত্রার জন্য নির্দেশিকায় বলা হয়েছে,
সর্বাধিক ৫০০০ হাজার তীর্থ যাত্রীকে অনুমতি দেওয়া হবে। তার মধ্যে মাত্র ৫০০ জন থাকবে উপত্যকার বাইরে রাজ্যের। আপাতত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অবস্থা জারি থাকবে। যাত্রাপথের বেস ক্যাম্প কাটরায় ভিড় এড়াতে রেজিস্ট্রেশন অনলাইনে করতে হবে। অন্য রাজ্য থেকে আসা তীর্থযাত্রীদের কোভিড-১৯ অ্যান্টিজেন টেস্ট করা বাধ্যতামূলক। তীর্থযাত্রীদের রিপোর্ট নেগেটিভ হলে, তবেই তারা যাত্রার ছাড়পত্র পাবে। জম্মু-কাশ্মীরের যেসব জেলা রেড জোনের মধ্যে রয়েছে, সেইসব এলাকার তীর্থযাত্রীকেও পরীক্ষা করাতে হবে। ভবন কমপ্লেক্সে তীর্থযাত্রী, কর্মী ও নিরাপত্তা রক্ষী সহ ৬০০ জনের বেশি কাউকে থাকার অনুমতি দেওয়া হবে। কোনওরকম জমায়েত করা চলবে না। মন্দির চত্বরে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলতে হবে। সমস্ত যাত্রীকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে।
পাশাপাশি ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তি যাঁদের কো-মরবিডি রয়েছে, গর্ভবতী মহিলা ও ১০ বছরের নীচে শিশুদের এখনই বৈষ্ণব দেবী যাত্রায় না আসার কথা বলা হয়েছে। অন্যদিকে করোনা সংক্রমণ এড়াতে সমস্ত এলাকা পরিষ্কার, পরিচ্ছন্ন ও স্যানিটাইজেশন করা হবে জানিয়েছে শ্রী মাতা বৈষ্ণব দেবী মন্দির বোর্ড। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news