ভাস্কর মান্না:
এক কথায় বলা যায় মোদীময় টেক্সাস। শুরু থেকে শেষ নজরের কেন্দ্রবিন্দু সেই একজনই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কানায় কানায় পূর্ণ হিস্টনের এনআরজি স্টেডিয়াম জুড়ে কানফাটানো একটাই আওয়াজ ‘মোদী-মোদী’। যেন দেখে বিশ্বাসই হবে না এটা সুদূর আমেরিকার মাটি। এই প্রথম বিদেশের মাটিতে মোদী ভক্তদের এই উল্লাস, উন্মাদনা দেখে বিস্মিত অনেকেই।

প্রবাসী ভারতীয়দের উদ্যোগে অনুষ্ঠিত ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তাঁর প্রশাসনের একাধিক আধিকারিক। মঞ্চে উঠে প্রথমেই মোদী উল্লসিত জনতার উদ্দেশ্যে মাথা ঝুঁকে প্রণাম করলেন। একইসঙ্গে হাত নেড়ে অভিবাদন জানালেন স্টেডিয়ামে উপস্থিত জনতাকে। এরপর একে একে মঞ্চে উপস্থিত অতিথিদের সঙ্গে করমর্দন করলেন মোদী। প্রেসিডেন্ট ট্রাম্প সভা মঞ্চের দিকে এগিয়ে আসছে শুনে, তাঁকে আনতে গেলেন মোদী। তারপর মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ মোদী সবাইয়ের সঙ্গে আলাপ করে দিলেন। ট্রাম্পকে ভারতে আসার জন্য আমন্ত্রণও জানালেন।

প্রথমে ট্রাম্প তারপর মোদী ভাষণ দিতে উঠলেন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কীভাবে ভবিষ্যতে কাজ করবে সে ব্যাপারে আলোকপাত করেন ট্রাম্প। একইসঙ্গে ট্রাম্প মোদীর কাজের প্রশংসা করেন। এরপর মোদী বক্তৃতা ছিল ভারতের উন্নয়ন ও বিকাশ নিয়ে একাধিক তথ্য। মোদী সরকারের কর সংস্কার, জিএসটি চালু থেকে শুরু করে সংবিধানের ৩৭০, তিন তালাক ও ভারতের বৈচিত্র নিয়ে নানা বিষয় উঠে এসেছে মোদীর কথায়। পাশাপাশি পরোক্ষে পাকিস্তানকে হুঁশিয়ারি দিতেও ভুল করেনি মোদী। এছাড়া জঙ্গি দমনে আগামী দিনে ভারত-আমেরিকা একসঙ্গে কাজ করবেন বলে জানান মোদী। সবশেষে নজিরবিহীন ভাবে মোদীর হাত ধরে গোটা স্টেডিয়াম প্রদক্ষিন করেন ট্রাম্প। যা একটা ঐতিহাসিক মুহূর্তের ফ্রেমবন্দি হল বলে মনে করছে কূটনৈতিক মহল।

আমেরিকার মাটিতে অনুষ্ঠানটি হলেও পরিবেশ ছিল ভারতীয় ঘরানায়। শুরু থেকেই ভারতীয় সাংস্কৃতিক চর্চার বিষয়গুলিকে তুলে ধরা হয়। নৃত্যনাট্য থেকে সঙ্গীত পরিবেশন সবই আমেরিকার মাটিকে অচেনা করে তুলেছিল। দেখে মনে হচ্ছিল যেন ভারতের মাটিতে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোদীর ভাষণেই অবশ্য ভারতের নানা ভাষা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পরিধানের কথা উঠে এসেছে। সবমিলিয়ে মোদীর আমেরিকা সফর এক অবিস্মরণীয় স্মৃতি হিসেবে থেকে যাবে ভারতীয়দের মনে এমনটাই মনে করছে বিজেপি নেতারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news