ওয়েব ডেস্কঃ
প্রাথমিক স্কুল ছাড়া বুধবার প্রায় সব স্কুলই খুলে গিয়েছে জম্মু ও কাশ্মীরে। পরের সপ্তাহ থেকে প্রাথমিক স্কুলও খুলবে বলে জানালেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের বিশিষ্ট সচিব রোহিত কংসল।
তিনি বলেন, দিনের বেলা জম্মু-কাশ্মীরের বেশিরভাগ এলাকা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সামান্য কিছু অংশ এখনও নিরাপত্তার জন্য ব্যাহত রয়েছে। প্রায় সমস্ত এটিএম চালু করা হয়েছে। গত ১২ দিনে ৭৩৪টি এটিএম থেকে প্রায় ৮০০ কোটি টাকা তোলা হয়েছে। এটা থেকেই বোঝা যাচ্ছে মানুষ টাকা তুলছেন এবং খরচ করছেন। অতএব, পরিষ্কার এখন কাশ্মীরের মানুষের কোনো অসুবিধা হচ্ছে না।
তিনি আরও বলেন, সরকারি অফিসাররা কাজে বেশি মাত্রায় যোগ দিয়েছে। বিভিন্ন জেলার মধ্যে পরিবহন ব্যবস্থায়ও এখন সচল। রাজ্যপালের সচিব জানান, পুরো এলাকায় ৯৬ হাজার ল্যান্ডলাইন ফোন পরিষেবার মধ্যে এখন ৭৩ হাজার ল্যান্ডলাইন পরিষেবা চালু করা হয়েছে। শ্রীনগরের বেশ কিছু এলাকায় সমস্যা থাকার জন্য চালু করা যাচ্ছে না। তবে সেখানেও বিএসএনএলের তরফ থেকে ব্যবস্থা খতিয়ে দেখে পরিষেবা দ্রুত চালু করার কথা বলা হয়েছে।
রোহিত কংসল বলেন, জম্মু-কাশ্মীরে মোট ১৯৭টি থানা রয়েছে। এর মধ্যে ১৩৬টি থানায় দিনের বেলা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এছাড়া উপত্যকার ১১১টি থানার মধ্যে ৫০টি থানায় গত দু’দিনে দিনের বেলায় কোনোরকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news