নিজস্ব সংবাদদাতা:
রাজ্যে জুড়ে এখন গেরুয়াবাহিনীর দাপট। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বেশ কিছুদিন হল, সেই দাপট ধীরে ধীরে প্রবল হচ্ছে। তারই জেরে তৃণমূল নিয়ন্ত্রিত চলচ্চিত্র সংগঠন থেকে বেরিয়ে মাঝে মাঝেই শিল্পী ও কলাকুশলীদের যোগ দেওয়ার মতো ঘটনা ঘটছে বিজেপির চলচ্চিত্র সংগঠনে। আসলে, বিগত দশ বছরে তৃণমূলের পৃষ্ঠপোষক কয়েকজন প্রযোজকের কাছ থেকে টাকাপয়সা না পেয়ে বঞ্চিত হয়েছেন সিংহভাগ শিল্পী ও কলাকুশলী, বিরক্ত হয়েছেন, আস্থা হারিয়েছেন। এই বঞ্চনা হয়েছে মূলত মেগা সিরিয়ালের ক্ষেত্রে। পরিচালক ও প্রযোজক অরিন্দম শীলের ‘ভুমিকন্যা’র ভোগান্তি তাঁরা ভুগেছেন, ‘জয় বাবা লোকনাথ’-এর প্রযোজক রানা সরকার তো এক সময় ফেরার হয়ে গেলেন বিপুল বকেয়া রেখে, আর এই তো কদিন আগে প্রযোজক সুব্রত রায়ের ‘রাণী রাসমণি’ এগারো কোটি টাকার বকেয়া মাথায় নিয়ে শ্যুটিং বন্ধ ছিল। ট্র্যাডিশন সমানে চলছে। ফলে, এই পরিস্থিতিতে যখন বিকল্পের সন্ধান চলছিল, তখনই স্টুডিও পাড়ার ময়দানে বিজেপি সগঠনের আবির্ভাব। শাসকের মৌরসীপাট্টায় বাঁচতে তাকেই আঁকড়ে ধরার প্রবণতা বাড়ছে। আর স্বাভাবিক ভাবেই এটা ভালো চোখে দেখছে না শাসক সংগঠন।
বঙ্গীয় চলচ্চিত্র সংস্কৃতি সংঘ সূত্রে খবর, বিজেপিকে আটকাতে এবার টালিগঞ্জের কলাকুশলীদের আর্থিক সুবিধে পাইয়ে দেওয়ার রাজনীতি শুরুর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তৃণমূল পরিচালিত সংগঠন। গত মঙ্গলবার ১০ তারিখ বিজেপিতে যোগ দেওয়ার জোয়ার থামাতে বিশেষ বৈঠক করে তৃণমূল পরিচালিত কলাকুশলীদের সংগঠন। আয়োজনে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। সিনেমা বা মেগা সিরিয়ালে নিয়ম, নো ওয়ার্ক নো পে। সিরিয়ালের ক্ষেত্রে তেইশ কর্মদিনে মাস হিসেব করা হয়। কিন্তু সূত্রের খবর, এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার থেকে কলাকুশলিরা তেইশ দিন কাজ না করেও ২৩ দিনের বেতন পাবেন। মানে, ধরুন যদি কোন ক্ষেত্রে মেগা সিরিয়ালের শ্যুটিং মাসে ১৮ থেকে ২০ বা তার কম দিন হয়, তাহলেও ২৩ দিনের টাকা পাবেন কলাকুশলীরা। আর এই সিদ্ধান্তকেই দুর্ভাগ্যজনক বলে মনে করছেন বিজেপি পরিচালিত বঙ্গীয় চলচিত্র সংস্কৃতি সংঘের কার্যকরী সম্পাদক মিলন ভৌমিক। তিনি বলেন, ‘শিল্পীরা কখনই কাজ না করে পয়সা পাওয়ার কথা ভাবেন না। আর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পীদের এতো দুরাবস্থা হয় নি যে বিনা পরিশ্রমে টাকা নেবেন। আসলে লোকসভা ভোটের পর থেকেই টালিগঞ্জের ফিল্ম ইন্ড্রাসটিতে তৃণমূলের সংগঠনে ধ্বস নেমেছে। প্রতিদিন তৃণমূলের সংগঠন ছেড়ে ছোটপর্দা ও বড়পর্দার শিল্পীরা বিজেপিতে যোগদান করছেন। আর তাই বিজেপির ভয়েই কলাকুশলীদের কাজ না করিয়েই আর্থিক দিক থেকে সুবিধা পাইয়ে দেওয়ার অপচেষ্টা শুরু হয়েছে।’ কাজ না করে যদি শিল্পীদের টাকা দিতে হয়, তা হবে ভয়ঙ্কর। প্রোডিউসারদের ওপর আর্থিক দিক থেকে চাপ পড়বে। আর এর ফলে টালিগঞ্জের নতুন প্রোডিউসার আসা বন্ধ হবে বলেই।দাবি করেন মিলন ভৌমিক। সেইসঙ্গে তিনি তৃণমূল পরিচালিত সংগঠনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সস্তার রাজনীতি না করে শিল্পী ও কলাকুশলীদের বয়েয়া টাকা উদ্ধারে বরং মন দিক তৃণমূল। তাতে আখেরে শুধু শিল্পীরাই লাভবান হবেন না, বাঁচবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news