সূর্য সরকার ও নীল রায়:
দলীয় মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর নিরাপত্তা আটোসাঁটো করতে বাঁশের ব্যারিকেড দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। তাই বিজ্ঞপ্তি জারি করে টেন্ডার ডাকল পূর্ত দপ্তর। গত কয়েক সপ্তাহ আগে তৃণমূল নেতৃত্ব জানায় ১২ সেপ্টেম্বর সিঁথি মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার পর্যন্ত এনআরসির বিরুদ্ধে মিছিলে হাঁটবেন তৃণমূল সুপ্রিমো। আজ দমদম সিঁথির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। এই বিস্তীর্ণ এলাকায় নিরাপত্তার জন্য ১০ সেপ্টেম্বর টেন্ডারের বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের পূর্ত দপ্তর। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্যই যে ব্যারিকেড লাগানো হবে তা নবান্ন থেকে প্রকাশিত টেন্ডারই জানানো হয়েছে।

বুধবার বিকেল চারটে পর্যন্ত এই টেন্ডার পূরণ করার জন্য সময় দেওয়া হয়েছিল। সেই মর্মে বেশ কয়েকটি সংস্থার টেন্ডারের শর্ত পূরণ করেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এবং এদিন সন্ধ্যার মধ্যেই সংস্থাকে তার বরাত দেওয়া হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর। তাই এনআরসি বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মিছিলে বাঁশের বেরিকেড দিয়ে তাঁর কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। পুলিশি নিরাপত্তার পাশাপাশি এই বাঁশের ব্যারিকেড তৈরি করা হবে।
ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনদিনও এই রকমের বাঁশের বেরিকেড দিয়ে নিরাপত্তার বলয় তৈরি করা হয়নি বলে জানা গিয়েছে। এমন ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরল বলেই দাবি করেছেন বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। তবে এক প্রশাসনিক কর্তার কথায়, “আগে কোনদিন হয়নি বলে নতুন করে তা হবে না এমনটা বলা যায় না।” নবান্ন সূত্রে জানা গিয়েছে, পুলিশ প্রশাসনের পরামর্শেই পূর্ত দপ্তর এই টেন্ডার ডেকেছে।তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে প্রফুল্ল চন্দ্র সেন, প্রফুল্ল চন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, অজয় মুখোপাধ্যায়, জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য মতো ব্যক্তিত্বরা বাংলার মুখ্যমন্ত্রী হলেও তাদের নিরাপত্তার ক্ষেত্রে এমন ব্যবস্থা করা হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news