নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:
সরকার পোষিত বিদ্যালয়গুলিতে পোশাক, খাবার, সাইকেল সহ বিভিন্ন রকম সুবিধা দেওয়ার পরেও অনেকেই বিদ্যালয় ছুট হয়ে যাচ্ছে অর্থনৈতিক কারণে। রোজকার করে পরিবারের পাশে দাঁড়াতে ছাত্র ছাত্রীরা কোন না কোন কাজে ঢুকে পড়ছে। অনেক ছাত্রীদের কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছেন পরিবারের লোকজন। তাদের জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হল “উৎকর্ষ বাংলা” প্রকল্প। যেখানে স্কুল ছুটদের মুক্তবিদ্যালয়ের মাধ্যমে বাড়িতেই পড়ানো হবে, বিভিন্ন কাজের প্রশিক্ষন সঙ্গে দেওয়া হবে শংসাপত্রও৷
সরকারি সূত্রে খবর, ওই যুবক যুবতীদের মুক্ত বিদ্যালয় থেকে পড়ানোর সঙ্গে সঙ্গে যে যাঁর কর্মে নিযুক্ত, তাঁকে সেই ক্ষেত্রেই প্রশিক্ষণও দেওয়া হবে। পশ্চিম মেদিনীপুর জেলায় আপাতত মেদিনীপুর সদর ব্লক ছাড়াও কেশিয়াড়ি এবং দাসপুর-২ ব্লকে এই প্রকল্পের কাজ শুরু হবে। এমনকি এই কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন দায়িত্বে থাকা বিদ্যালয় পরিদর্শকগণ৷ মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া উচ্চ বিদ্যালয়ে, খয়েরুল্লাচক উচ্চ বিদ্যালয়ে দুটি শিবির হয়েছে ইতিমধ্যে। যেখানে উপস্থিত ছিলেন ওই ধরনের স্থানীয় স্কুল ছুট ছেলেমেয়েরা সহ তাদের অভিভাবকগন। এই উদ্যোগ সফল হলে অনেকেই উপকৃত হবে বলে মনে করছেন শিক্ষকরা ৷
খয়েরুল্লাচক উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৌমিত্র কুমার সামন্ত বলেন, ধীরে ধীরে জেলার বাকি এলাকা গুলিতেও এই কাজ শুরু হবে৷ এই উদ্যোগে অনেকটাই খুশি স্কুল ছুটদের অভিভাবকগণও ৷ কারন এর দ্বারা তাদের পরিবারের ছেলে মেয়েরা কর্মপ্রশিক্ষন সহ পাবেন সংশাপত্র৷ বাড়িতে পড়েই পড়া যেমন শেষ করতে পারবে, তেমনি কাজ শেখার সংশাপত্র নিয়ে সরকারি ঋনের সুবিধায় কোনো কর্মসংস্থানও পাবে৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news