সঞ্জয় সরকার :
প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র যখন সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করছেন আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করার ব্যাপারে নিজেদের অনিচ্ছার কথা তারা কংগ্রেস হাইকম্যান্ডকে জানিয়ে দিতে চায়, ঠিক সেই সময়েই মঙ্গলবার বিকালে দিল্লি থেকে ফোন এল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ফোন করলেন ইউপিএ চেয়ারপারসন তথা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যটেল। সূত্রের খবর, ফোনে আহমেদ প্যটেল তৃণমূল নেত্রীকে ২২ তারিখ চন্দ্রবাবু নাইডুর ডাকা বৈঠকে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও আহমেদ প্যটেল কে জানিয়েছেন যে ঐ বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। প্রথমে এই বৈঠকে উপস্থিত থাকার ব্যাপারে নিজের অনীহা দেখিয়েছিলেন মমতা। দলের পক্ষ থেকে ডেরেক ও শুখেন্দু শেখর রায়কে পাঠাবেন ভেবেছিলেন। কারণ চন্দ্রবাবুর ডাকা অন্ধ্রভবনের ঐ বৈঠকে প্রথম সারির কে কে উপস্থিত থাকবেন সেবিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে ঐদিনের বৈঠকে শরদ পাওয়ার, অখিলেশ, তেজস্বী যাদব ছাড়াও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও উপস্থিত থাকবেন। ফলে বিজেপি বিরোধী জোট গঠনের প্রেক্ষিত তৈরি করতে গেলে ২২ তারিখের বৈঠককে সফল করতেই হবে। আর চন্দ্রবাবু যেহেতু বলে দিয়েছেন যে আগামী নির্বাচনে কংগ্রেস ই বিজেপি বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেবে, ফলে কংগ্রেসের কাছেও এই বৈঠক সফল করাটা একটা চ্যালেঞ্জ। তাই রাজ্য কংগ্রেসের ইচ্ছা অনিচ্ছার কথা না ভেবে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বৈঠকে থাকার অনুরোধ করলেন আহমেদ প্যটেল। এদিকে ঐ বৈঠকে মমতার থাকা সুনিশ্চিত করতে আগামী ১৯ তারিখ কলকাতায় আসছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news