চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
সোলার অরবিটার থেকে মহাকাশে সূর্যের সবচেয়ে কাছে তোলা ছবিগুলো প্রথমবার প্রকাশ করল নাসা ও ইউরোপিয়ান স্পেস এজিন্স। বৃহস্পতিবার এই অভূতপূর্ব ছবিগুলো সর্বসাধারণের জন্য দেখার ব্যবস্থা করে দিয়েছে নাসা কর্তৃপক্ষ।
উৎক্ষেপণের পর এই প্রথম ছবি পাঠাল সোলার অরবিটার। এই বছর ৯ ফেব্রুয়ারি নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সি যৌথভাবে কেপ ক্যানাভেরাল এয়ার স্টেশন থেকে সূর্যের মেরুর ছবি তুলতে অরবিটার পাঠায়। ১৬ জুলাই অরবিটারটি সূর্যের সবচেয়ে কাছে পৌঁছে যায় এবং সূর্যের আশ্চর্যজনক একাধিক ছবি পাঠায় পৃথিবীতে। বর্তমানে অরবিটারটি সূর্য থেকে ৪৮ মিলিয়ন মাইল (৭৭ মিলিয়ন কিমি) দূরে রয়েছে। যা পৃথিবী ও সূর্যের অর্ধেক পথ। পরের পর্যায়ে সোলার অরবিটারটির লক্ষ্য বুধের থেকেও সূর্যের আরও কাছে পৌঁছনো।


এ প্রসঙ্গে নাসার বিজ্ঞানী হোলি গিলবার্ট বলেন, “এই আশ্চর্যজনক ছবিগুলো আমরা সূর্যের সবচেয়ে কাছাকাছি দূরত্বে পেয়েছি। এই ছবিগুলো সূর্যের বায়ুমণ্ডলের স্তর সম্বন্ধে জানতে সাহায্য করবে।” এই সোলার অরবিটার তৈরির প্রকল্পের সঙ্গে যুক্ত বিজ্ঞানী ড্যানিয়েল মুলার বলেন, “আমরা এত তাড়াতাড়ি এত ভালো ফল পাবো আশা করিনি। অরবিটারটি যে দুর্দান্ত ভাবে কাজ করছে তার প্রমাণ পাওয়া গেল।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news