জ্যোতিস্মিতা রায়
তখন এক বেসরকারি টিভি চ্যানেলে কাজ করি। হঠাৎই কী একটা কারনে চ্যানেলের সম্পাদক পদত্যাগ করেন। মাথা-হারা আমরা ছোটরা তখন ইতিউতি ঘুরছি আর ভাবছি এবার কার হাতে পড়ব? তখনই আমাদের হাল ধরেন সুমনদা- সুমন চট্টোপাধ্যায়। যেমন ব্যক্তিত্ব, তেমনই ক্যারিজমা। প্রথমদিন, আমরা জুনিয়ররা কেমন একটা ভয়, ভক্তি সুলভ বোকাবোকা দৃষ্টি নিয়ে তাকিয়েছিলাম সুমনদার দিকে। আমরা কতবড় এক একটা আকাট তা প্রকাশ না হয়ে যায়! কিন্তু সুমনদা বিনদাস! মজা, ব্যঙ্গ, কৌতুকের মধ্যে দিয়ে কবে যে ভয় ভেঙে গেল বুঝতেই পারিনি। আমাদের মুখ্যুতা তিনি তাঁর ছোট ছোট টিপস দিয়ে ঢেকে রাখতেন। বকাঝকা খুব একটা কোনওদিনই করেননি। হিউমারই সুমনদার প্রধান অস্ত্র! নিউজরুম তো বটেই পিসিআর- এমসিআর অ্যাসাইনমেন্ট সবাই ওই এক অস্ত্রে কুপোকাত! মজা করেই ভুল ধরিয়েছেন, মজা করেই উৎসাহ দিয়েছেন। আর কখনও যদি বলেছেন- “ফাটিয়ে দিলি তো”! তখন মনে হয়েছে, হ্যাঁ, আমিও খবরটা বুঝি। সবার কাছে সুমন চট্টোপাধ্যায় বড় সাংবাদিক কিন্তু আমার কাছে তিনি শিক্ষক। কথার শব্দের রকমফেরে খবর কতটা প্রভাবিত হতে পারে তাঁর কাছেই শিখেছি। খবরের ফোকাস না হারানো সেটাও কড়া হাতে শিখিয়েছেন সুমনদা । চ্যানেল ছাড়ার পরেও যখন দরকারে যোগাযোগ করেছি, একবারেই সাড়া পেয়েছি।দূরদৃষ্টি সুমনদা নিজের বিপদের কথাও নিশ্চয় টের পেয়েছিলেন। কিন্তু এড়াতে পারলেন না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news