চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে প্রথম সারিতে এখনই কোনও নতুন মুখ আনতে চাইল না মোদী সরকার। মেয়াদ শেষ হলেও মোদী সরকারের আপাতত ভরসা সেই পুরনোরাই। সোমবার ভারতের অ্যাটর্নী জেনারেল হিসেবে পুনরায় বর্ষীয়ান অ্যাডভোকেট কে কে ভেনুগোপালকে নিযুক্ত করল কেন্দ্রীয় সরকার। ১ জুলাই থেকে পরবর্তী ১ বছরের জন্য তিনিই থাকবেন ওই পদে। পাশাপাশি সলিসিটর জেনারেল তুষার মেহেতার মেয়াদও আরও তিন বছর বাড়ানো হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায়, আমন লেখি, মাধবী গোরাদিয়া ডিভান, কে এম নটরাজ ও সঞ্জয় জৈনই আপাতত একই পদে থাকবেন। তবে কেন্দ্রীয় আইনমন্ত্রক অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে আরও ৬ জনকে ৩ বছরের জন্য সর্বোচ্চ আদালতে নিযুক্ত করেছেন। এঁরা হলেন বর্ষীয়ান অ্যাডভোকেট বলবীর সিংহ, সূর্যপ্রকাশ ভি রাজু, রুপিন্দর সিংহ সুরী, এম ভেঙ্কটরমন, জয়ন্ত কে সুদ ও ঐশ্বর্য ভাটি।

রাজু গুজরাত হাইকোর্টে বর্তমানে কর্মরত। একাধিক হাই প্রোফাইল কেস বিজেপির হয়ে তিনি লড়েছেন। এরমধ্যে সোহারাবুদ্দিন এনকাউন্টার মামলা অন্যতম। এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম জড়িয়ে যায়। পরে এই মামলা থেকে অমিতকে অব্যাহতি দেয় আদালত। এছাড়া ইশরত জাহান, তুলসীরাম প্রজাতি সহ একাধিক এনকাউন্টার কেসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভি রাজু। ধর্ষণে অভিযুক্ত আসারম বাপু ও রাহুল গাঁধীর নামে মানহানির মামলার মতো অনেক গুরুত্বপূর্ণ মামলা তিনি সামলেছেন।


একইসঙ্গে এদিন আইনমন্ত্রক একাধিক হাইকোর্টে অতিরিক্ত সলিসিটর জেনারেল নিয়োগ করেন।ক্যালকাটা হাইকোর্টের এএসজি হিসেবে নিযুক্ত হন ওয়াই জাহাঙ্গীর দস্তুর। এ ছাড়া দিল্লি হাইকোর্টে চেতন শর্মা, মাদ্রাস হাইকোর্টে আর শঙ্কর নারায়নন, পাটনা হাইকোর্টে কৃষ্ণ নন্দন সিংহ ও গুজরাত হাইকোর্টে দেভাঙ গিরিশ ব্যাস অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে নিযুক্ত হন। পাশাপাশি আরও তিন বছরের জন্য একই পদে থাকবেন পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের এএসজি সত্য পাল জৈন এবং বোম্বে হাইকোর্টের এএসজি অনিল সি সিংহ। গুজরাত হাইকোর্টের ব্যাস ছাড়া এঁরা প্রত্যেকেই সিনিয়র অ্যাডভোকেট। ব্যাস বর্তমানে গুজরাত হাইকোর্টের সহকারী সলিসিটর জেনারেল হিসেবে রয়েছেন।


Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news